ঠাকুরগাঁওয়ে 'আলোকিত সীমান্ত' কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘আলোকিত সীমান্ত’ নামে একটি পরীক্ষামূলক কর্মসূচি শুরু করেছে। অবৈধভাবে সীমান্ত পারাপার ও সীমান্তে অপরাধ কমিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার বৈউরঝারি সীমান্তের শুটকাবস্তি গ্রামে বিজিবির ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়ন এ কর্মসূচি শুরু করেছে। বিজিবি উত্তর-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার (রংপুর) ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান গতকাল সোমবার এর উদ্বোধন করেন।
গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের অধিকাংশ লোকই দরিদ্র। রোজগারের আশায় গ্রামের অনেক যুবক মহিষ আনতে সীমান্তে ছুটে যান। ধর্মগড় সীমান্ত এলাকার আবু বকর বলেন, সীমান্তের ওপার থেকে গরু এনে দিতে পারলে দুই থেকে তিন হাজার টাকা পাওয়া যায়। তাই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে এ কাজ করছেন।
বিজিবির ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইউনুস বিন তুষার বলেন, গত বছরের ১৯ নভেম্বর গ্রামের শাহ আলম নামের এক যুবক ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যান। এ ঘটনা বিজিবিকে ভাবিয়ে তোলে। তাই প্রত্যন্ত এলাকায় মানুষকে কাজের সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, এলাকার ২৩টি পরিবারের ৮০ জন সদস্য এসব প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবেন। কর্মসূচিতে গরুর খামার, বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি, জৈব সার তৈরি, মাশরুম চাষ, মৌ চাষ, ফল ও ঔষধিগাছ উৎপাদন ও সবজি চাষসহ নানা প্রকল্প রয়েছে। প্রকল্পের আয় গ্রামের রাখালদের (মহিষ পারাপারে যুক্ত) মধ্যে সমহারে বণ্টন করা হবে। বিজিবি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি সংস্থা ইএসডিও ও স্থানীয় সাংসদের কাছ থেকে পাওয়া অনুদান প্রারম্ভিক পুঁজি হিসেবে ধরা হয়েছে।
প্রকল্পের সদস্য আকবর আলী বলেন, ‘আগে আমরা ভারত থেকে গরু আনতে যেতাম। এখন আমরা শপথ নিয়েছি মালামাল পারাপারে আর সীমান্তের ওপারে যাব না।’