ঠাকুরগাঁওয়ের বেশির ভাগ বিপণিবিতানে পার্কিং নেই
ঠাকুরগাঁও শহরের বেশির ভাগ বিপণিবিতানে পার্কিংয়ের (গাড়ি রাখার জায়গা) কোনো ব্যবস্থা নেই। এ কারণে ক্রেতাদের সড়কের ওপর গাড়ি রেখে কেনাকাটা করতে হচ্ছে। ফলে সড়কগুলো সংকুচিত হয়ে পথচারীদের দুর্ভোগ বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ বহুতল বিপণিবিতান ব্যস্ততম সড়কঘেঁষে গড়ে উঠেছে। এর মধ্যে নর্থ সার্কুলার সড়কে হাজি মার্কেট, হাওলাদার সুপার মার্কেট, মৌচাক মার্কেট, শাহজালাল শপিং মল ও টাউন প্লাজা, বঙ্গবন্ধু সড়কে ইসলাম প্লাজা, হামিদ সুপার মার্কেট, আইআর টাওয়ার, রাবেয়া মার্কেট, চৌধুরী মার্কেট, আফসার উদ্দিন মার্কেট, শহীদ মোহাম্মদ আলী সড়কে নুরজাহান প্লাজা, মাসুদ হাইটস ও আমাদের বাজার নামের মার্কেট রয়েছে। কিন্তু অধিকাংশ মার্কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সড়কের ওপর গাড়ি রেখে ক্রেতারা কেনাকাটা করছেন। ফলে বিপণিবিতানের পাশের সড়কগুলো সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।
শহরের হাজিপাড়ার বাসিন্দা জয়নাল আবেদিন জানান, ভবন নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়ার পর মার্কেটগুলোর মালিকেরা নকশা মেনে নির্মাণকাজ করছেন কি না, তা দেখভালের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। এ বিষয়টি তারা এড়িয়ে যেতে পারে না।
ঠাকুরগাঁও পরিবেশ রক্ষা কমিটির সমন্বয়কারী মো. মিজানুর রহমান জানান, পার্কিংয়ের ব্যবস্থা করলে বিপণিবিতানে দোকানের সংখ্যা কমে আসে। এ কারণে বিপণিবিতানের মালিকেরা পার্কিংয়ের ব্যবস্থা রাখতে আগ্রহী হন না। এ সুযোগে বিপণিবিতানের মালিকদের কাছে সুবিধা নিয়ে ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন জানান, বর্তমানে পার্কিংয়ের ব্যবস্থা না থাকলে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে না। নকশার অনুমতি দেওয়ার পর লোকবলের অভাবে গড়ে ওঠা বিপণিবিতানের নির্মাণকাজ মনিটরিং করা সম্ভব হয় না। যেসব মালিক নকশার বাইরে ভবন নির্মাণ করেছেন, তাঁদের পার্কিং ও শৌচাগার নির্মাণে তাগাদা দেওয়া হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন জানান, অধিকাংশ মার্কেটে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা না থাকায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের ওপর যানবাহন পার্কিং করায় রিকশা নিয়েও অনেক সময় বিপণিবিতানে যাওয়া যায় না। ভবিষ্যতের কথা ভেবে বিপণিবিতানের ক্ষেত্রে কঠোর হওয়া প্রয়োজন।
নুরজাহান প্লাজার এক স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ‘শহরে আগে নির্মিত বিপণিবিতানগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা নেই। তাই আমাদের প্লাজায়ও সেই ব্যবস্থা রাখা হয়নি।’
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের যান নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ফারুক হোসেন জানান, মার্কেটের মালিকদের পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা করতে অনুরোধ করা হলে তাঁরা শুনছেন না।