ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
একটি ক্লাবের টেলিভিশন চুরির ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চামেশ্বরী চৌধুরীহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার চামেশ্বরী চৌধুরীহাট এলাকার আদর্শ ক্লাবের টেলিভিশন চুরি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের দায়ী করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় দলের ১৫ জন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন এনামুল হক (৪৫), ইউনুস আলী (২৮), মিজানুর রহমান (৩০), আল বারিক (৩১), রানা (২৬), শরিফুল হক (২৪) ও আবদুল মোমিন (৩২)। তাঁরা সবাই বিএনপির বড়গাঁও ইউনিয়ন নেতা-কর্মী। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।