ঠাকুরগাঁওয়ে আজ থেকে ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার শ্রীকৃষ্টপুরে তিন দিনব্যাপাী ইজতেমা আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি গতকাল বুধবারই ইজতেমাস্থলে এসে পৌঁছেছেন। শনিবার আখেরি মোনাজাত হবে।
আয়োজকেরা বলেন, তিন দিনের এই ইজতেমায় দেশি-বিদেশি অনেক ইসলামি চিন্তাবিদ ও ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বিরা ইসলামের দিনের দাওয়াত, ধর্ম ও আখিরাত নিয়ে মূল্যবান বয়ান করবেন। দেশি-বিদেশি মুসল্লিদের সুবিধার্থে এসব বয়ান কয়েকটি ভাষায় তরজমা করা হবে।
গতকাল দুপুরে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা ইজতেমার মাঠে জমায়েত হতে শুরু করেছেন। এখন চলছে ইজতেমার ময়দান প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। কেউ তাঁবু-শামিয়ানা টানাচ্ছেন, কেউ শৌচাগার নির্মাণ করছেন, আবার কেউ মাঠ পরিষ্কারের কাজ করছেন। তাঁদের সবাই স্বেচ্ছাশ্রমে আল্লাহর সন্তুষ্টির নিয়তেই এসব কাজ করছেন বলে জানান বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা।