ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনের প্রচারণায় ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থগিত হওয়া ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনের প্রচারণায় নেমেছেন। আজ শনিবার তিনি বিভিন্ন এলাকার কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভার মাধ্যমে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।


ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে গণসংযোগ করার পর পথসভায় মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জনগণের আর কোনো সম্পর্ক নেই। তারা এখন জনগণ থেকে একেবারেই বিচ্ছিন্ন। সাধারণ জনগণের জন্য তারা কোনো কাজ করেনি। শুধু নিজেদের কল্যাণ করেছে। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। বিগত পাঁচ বছর সরকার ব্যাপক দুর্নীতি করেছে।
ফখরুল বলেন, এ নির্বাচন (উপজেলা নির্বাচন) সাধারণ কোনো নির্বাচন নয়, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় নেতারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। গত তিন মাসে তিন শতাধিক মানুষ খুন হয়েছে। এসব মানুষ পুলিশের গুলিতে খুন হয়েছে। ৬০ জন মানুষ গুম হয়ে গেছে, এটাও সরকারের বিভিন্ন সংস্থার দ্বারা হয়েছে। তিনি বলেন, এই সরকারের আমলে কোনো ধর্মের মানুষ এখন আর নিরাপদ নয়। আলেমরা যেমন নির্যাতিত হচ্ছে, অন্যদিকে হিন্দুরাও রেহাই পাচ্ছে না। দেশের একটা মানুষের নিরাপত্তা নেই। সরকার গোটা বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছে।

জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে শতকরা ৫ ভাগ মানুষও ভোট দেয়নি। অর্ধেকের বেশি মানুষ ভোট দিতে না গেলে সে নির্বাচনকে নির্বাচন বলা যায় না। তবুও আওয়ামী লীগ সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে। এই সরকারের নৈতিক অবস্থান নেই।
জগন্নাথপুরের খোঁচাবাড়ি হাট ছাড়াও মির্জা ফখরুল ভূল্লি বাজার ও পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চান।