ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের কারাম উৎসব উদ্যাপন
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর আদিবাসী পল্লির ওঁরাও সম্প্রদায়ের ৩৭টি পরিবারের লোকজন দুই দিন ধরে নেচে-গেয়ে কারাম উৎসব উদ্যাপন করেছে। গত বৃহস্পতিবার রাতে শুরু হয়ে শনিবার এ উৎসব শেষ হয়। এলাকাবাসী জানান, কারাম উৎসব উদ্যাপনের জন্য আদিবাসী নর-নারী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজার প্রথম দিন উপোস থাকে। সন্ধ্যায় বিশেষ খাবারের আয়োজন করা হয়। পুরোহিতের শ্লোকপাঠ শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথি ও পরিবারের সদস্যদের মধ্যে তা বিতরণ করা হয়। পরে তারা মাদল, ঢোলসহ বিভিন্ন বাজনার তালে তালে নেচে-গেয়ে কারাম গাছের ডাল ভেঙে আনে। সূর্যের আলো যখন পশ্চিমে হেলে যায়, তখন সেই ডালটি পূজার বেদিতে রোপণ করা হয়। আর রোপণের সময় বেদির চারপাশে ঘুরে ঘুরে তরুণ-তরুণীরা নাচতে থাকে। জগন্নাথপুর গ্রামের ওঁরাও সম্প্রদায়ের নেতা চায়না রাম তির্কি বলেন, গ্রামের ৩৭টি আদিবাসী পরিবার বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব উদ্যাপন করে থাকে। কারাম উৎসব এর একটি।আদিবাসী ঐতিহ্যের গবেষকদের মতে, বৈবাহিক সম্পর্ক স্বাভাবিক থাকার কামনা করে মূলত আদিবাসী সম্প্রদায় কারাম উৎসব পালন করে।