ঠাকুরগাঁওয়ে কুকুরের কামড়ে ২৫ শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত বৃহস্পতিবার পাগলা কুকুরের কামড়ে ২৫ শিশু আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যাকসিন সংকটের কারণে কুকুরের কামড়ে আহতদের অনেকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসী ও হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কুকুরের কামড়ে পাঁচঘরিয়া, মশালডাঙ্গী, আমগাঁও, ভেটনা, কামারপুকুর, জামুন ও ঝাড়বাড়ী গ্রামের ২৫ শিশু আহত হয়। তাদের মধ্যে পাঁচঘরিয়া গ্রামের মুনসুরা (৭), ফরিদ (১০), ভেটনা গ্রামের রকিম (৫), কামারপুকুর গ্রামের হূদয় (৮), আমগাঁও গ্রামের সাবের আলী (৮) ও মশালডাঙ্গী গ্রামের করিমকে (১০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাঁচঘরিয়া গ্রামের ইউনুস আলী জানান, তাঁর ছেলেকে বৃহস্পতিবার সকালে কুকুর কামড়ায়। হাসপাতালে গিয়ে তিনি ভ্যাকসিন পাননি। তাই স্থানীয় কবিরাজ দিয়ে ছেলের চিকিৎসা করাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন আর রশীদ জানান, জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের জন্য জেলা প্রশাসনের কাছে চাহিদা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে আহত ছয়টি শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।