ঠাকুরগাঁওয়ে ক্রিকেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে গতকাল শুক্রবার হয়ে গেল অনূর্ধ্ব ১২ ক্রিকেট উৎসব। সকালে ঠাকুরগাঁওয়ের বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই উৎসবের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।

অনূর্ধ্ব ১২ ক্রিকেট উৎসব দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম পর্বে শিশুদের সীমিত ওভারের ম্যাচ খেলতে দেওয়ার পাশাপাশি ক্রিকেটের মৌলিক কৌশলের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। দ্বিতীয় পর্বে বাছাই করা শিশু ক্রিকেটার নিয়ে হবে সাত দিনের অনুশীলন ক্যাম্প। সেখানেও ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলো শেখানো হবে।

ঠাকুরগাঁও জেলা ক্রিকেট দলের কোচ রকুনুজ্জামান রাহাত বলেন, উৎসবে আগ্রহী শিশুদের মধ্য থেকে ৩২ জন খেলোয়াড়কে বাছাই করা হয়। ক্রিকেটারদের চারটি দলে বিভক্ত করে ১৮ গজের উইকেটে ও ৩০ গজের মাঠে ১২ ওভারের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক (ডিসি) মূকেশ চন্দ্র বিশ্বাস বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সনদ তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাসুদুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সম্পাদক এ টি এম মনিরুল হুদা উপস্থিত ছিলেন।

ডিসি মূকেশ বলেন, নতুন প্রজন্ম যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে পারে, সে কারণে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল উৎসব আয়োজন করা হয়। খেলাধুলায় মনোযোগী হলেই যুবসমাজ জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকতে পারে।