ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগঁাও সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও নির্যাতনের প্রতিবাদে গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী–পুরুষ l ছবি: প্রথম আলো
ঠাকুরগঁাও সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও নির্যাতনের প্রতিবাদে গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী–পুরুষ l ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও বাসিয়াদেবী গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি দখল ও নির্যাতনের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী নারী-পুরুষেরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপজেলার সালন্দর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়া হলে তাঁরা অনশন ভাঙেন।
এলাকাবাসী ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বরুনাগাঁও বাসিয়াদেবী গ্রামে বিপিন বর্মণের সঙ্গে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদুল হকের জমি নিয়ে বিরোধ ছিল। কিছুদিন আগে আসাদুল বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তোলেন। এ ঘটনার বিচার দাবি করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন বিপিন বর্মণ। জেলা প্রশাসক বিষয়টি সমাধানে সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মো. রাশেদুজ্জামানকে দায়িত্ব দেন। দুই পক্ষের কাগজপত্র যাচাই করে বিপিনের পক্ষে সিদ্ধান্ত দেন এসি ল্যান্ড। এ সিদ্ধান্তের পর ভূমি কার্যালয়ের লোকজন গত মঙ্গলবার পুলিশ নিয়ে গিয়ে জমি থেকে আসাদুলকে উচ্ছেদ করেন। কিন্তু এর প্রতিবাদে ট্রাক ও ট্যাংকলরি শ্রমিকেরা সেদিন ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের সঙ্গে শ্রমিকদের রাতভর বৈঠক শেষে উচ্ছেদ করা জমিতে আগামী রোববার পর্যন্ত আসাদুলকে অস্থায়ীভাবে বসবাস করতে দেওয়ার শর্তে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। গত বুধবার বিকেলে পুলিশের উপস্থিতিতে আসাদুল ওই জমিতে পুনরায় ঘর তোলেন। এ সময় বিপিন ও তাঁর পক্ষের লোকজনের সঙ্গে আসাদুলের পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে। সে সময় প্রতিপক্ষের হামলায় বিপিন চন্দ্রের ছেলে বাজারু বর্মণ, মেয়ে রিতা রানী ও বিপিনের প্রতিবেশী জসোদা রানী, গীতা রানীসহ সাতজন আহত হন।
বাজারু বর্মণের দাবি, পুলিশ ট্রাকশ্রমিক আসাদুলের পক্ষ হয়ে তাঁদের ওপর নির্যাতন করেছে।
এ ঘটনায় ওই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জমি দখল ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সকালে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘অবরোধের পর রাতে শ্রমিকদের সঙ্গে বৈঠকে উচ্ছেদ করা জমিতে আসাদুলকে অস্থায়ীভাবে বসবাস করতে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত বাস্তবায়নের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ পাঠানো হয়েছিল। আমরা সেখানে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে একসময় লাঠিচার্জ করতে বাধ্য হই।’ পরে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়া হলে আন্দোলনরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অনশন ভঙ্গ করেন।
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, বিপিন বর্মণকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল। পরে এ নিয়ে আবার অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। আগামী রোববার বিষয়টি সমাধানে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।