ঠাকুরগাঁওয়ে গমের ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উষ্ণতা বেড়ে যাওয়া এবং শীত দীর্ঘ না হওয়ায় ঠাকুরগাঁও অঞ্চলে গমের ফলন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কয়েকজন কৃষক ও কৃষি বিশেষজ্ঞ বলছেন, গত কয়েক বছরের তুলনায় এ অঞ্চলে তেমন একটা শীত পড়েনি। যেটুকু পড়েছে তার সময়কাল কম ছিল। তাপমাত্রাও আগের কয়েক বছরের তুলনায় বেশি ছিল। এ ধরনের আবহাওয়া ফসলের দানা বাঁধতে ব্যাঘাত ঘটায়। শীত কম হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গম। গমের ফলন কমে যেতে পারে। এ ছাড়া গম খেতে জাব পোকার আক্রমণের কারণে গমচাষিরা চিন্তায় পড়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের তথ্যমতে, জেলায় ৬৮ হাজার ২৪৭ হেক্টর জমিতে গমের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু আবাদ হয়েছে ৬৭ হাজার ৮২০ হেক্টর জমিতে। আর গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১১ হাজার ৫৫৬ মেট্রিক টন। গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের এক-পঞ্চমাংশ গম আবাদ হয়।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গম আবাদের এ মৌসুমে শীত কম পড়ার কারণে যেসব চাষি ১৫ নভেম্বরের পর জমিতে গম আবাদ করেছেন, তাঁদের ফলনে প্রভাব পড়তে পারে।
সদর উপজেলার কচুবাড়ি গ্রামের রাজন রায় ২ বিঘা (৩৩ শতক সমান ১ বিঘা) জমিতে গম আবাদ করেন। কিন্তু গমগাছের ছড়া থেকে শিষ ছোট হয়ে বের হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ মৌসুমে যে কুয়াশা পড়েছে, তা গম আবাদের জন্য পর্যাপ্ত নয়।
মুন্সিরহাট গ্রামের সাদেকুল ইসলাম বলেন, এ বছর তেমন শীত পড়েনি। জানুয়ারির শেষ দিকেই তাপমাত্রা বেড়ে গেছে, যা গমের ফলনের জন্য সহায়ক নয়।
গত বুধবার দুপুরে ভেলাজান গ্রামের রফিকুল ইসলামকে গমখেতে কীটনাশক ছিটাতে দেখা যায়। এ সময় তিনি বলেন, গমখেতে সুলসুলি (জাব) পোকা আক্রমণ করেছে। পোকা গমের শিষের রস চুষে নিচ্ছে। এতে গমগাছ কালচে হয়ে যাচ্ছে। গমের দানা বাঁধার সময়ে পোকার আক্রমণে তিনি গমের ফলন কম হওয়ার আশঙ্কা করেছেন।
গম গবেষণা কেন্দ্র দিনাজপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম সরকার মুঠোফোনে বলেন, গম শীতকালের ফসল। এ মৌসুমে শীত দীর্ঘ না হলে গমের দানা বাঁধার ওপর প্রভাব পড়তে পারে। এ কারণে গমের ফলন ১০ শতাংশ কমে যেতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, এটা ঠিক, শীত কম হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গম। গমের ফলন ভালো হয় না। তবে গমের এ মৌসুমে তাপমাত্রাও খুব একটা বেশি নয়। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে গমের ফলনে প্রভাব পড়ে না। গত সপ্তাহে শুধু এক দিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। তবে তাপমাত্রা এর চেয়ে বেশি হলে গমের ফলনে প্রভাব পড়বে।