ঠাকুরগাঁওয়ে গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক নারী (৩০)৷ পরে গর্ভপাত করার জন্য চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে হত্যার চেষ্টা চালানো হয়৷ বর্তমানে ওই নারী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের ১৩ নম্বর শয্যায় যন্ত্রণায় ছটফট করছেন৷
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের রেজিস্ট্রার আব্দুর রহিম বলেন, গুরুতর আহত ও অচেতন অবস্থায় গত ২৫ মে বেলা ১১টার দিকে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়৷ পাঁচ দিন পর ২৯ মে তাঁর চেতনা ফিরেছে৷ লাঠির আঘাতে তাঁর মাথার বাঁ পাশ থেঁতলে গেছে। চারটি সেলাই দেওয়া হয়েছে৷ বাঁ পাশের চোয়াল ও ওপরের মাড়ির চারটি দাঁত ভেঙে গেছে৷ বাঁ কানের লতি ছিঁড়ে গেছে। ঠোঁট কেটে গেছে। কথা বলতে পারেন না। ঠিকমতো খেতেও পারেন না। মুখ থেকে খাবার পড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো উচিত। কিন্তু তাঁর কোনো অভিভাবক নেই। হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না—এমন ওষুধ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা কিনে সরবরাহ করছেন৷ শিশুসন্তানের খাবারও হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে৷
গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই নারীর পাশেই তাঁর ছেলে (৮) ঘুমিয়ে আছে। ওই নারী জানান, তাঁর বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামে। বাবা নেই৷ ওই এলাকার হাফিজুল ইসলাম নামে একজনের সঙ্গে বিয়ে হয়। সেই ঘরে একটি ছেলে হওয়ার পর স্বামী তাঁকে ফেলে পালিয়ে যান। কাজের সন্ধানে সন্তানকে নিয়ে ঠাকুরগাঁও শহরে যান৷ সেখানে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করেন। ছেলেকে ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুলে ভর্তি করেন। স্কুলের পেছনে মিলন নগর এলাকায় একটি ঝুপরি ঘরে ভাড়া থাকেন। তিনি জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মিলন নগরের বাসিন্দা আ. মজিদের বাড়িতে তিনি পাঁচ-ছয় বছর ধরে কাজ করেন৷ একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তিনি মজিদের ছেলে রকিবুল্লাহর (২৬) কাছে কিছু টাকা চান। টাকা দেওয়ার কথা বলে রকিবুল্লাহ তাঁর ঘরে আসেন এবং একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি রকিবুল্লাহকে জানান৷ রকিবুল্লাহ সন্তান নষ্ট করার প্রস্তাব দেন। ২৪ মে সন্ধ্যায় রকিবুল্লাহ তাঁকে একটি অটোরিকশায় করে বীরগঞ্জ উপজেলার আমতলি গ্রামে নেন৷ সেখানে নেমে রকিবুল্লাহ বন্ধুদের কাছ থেকে টাকা আনার কথা বলে ১০ মিনিট অপেক্ষা করতে বলেন। এ সময় হঠাৎ কয়েকজন অপরিচিত যুবক এসে তাঁকে মুখ চেপে ধরে পাশের ধানখেতে নিয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে৷ জ্ঞান ফেরার পর তিনি নিজেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পান৷
ওই নারী আরও জানান, তাঁর বেঁচে থাকার সংবাদ জানতে পেরে রকিবুল্লাহসহ কয়েকজন যুবক ২ জুন হাসপাতালে এসে ঘটনা মীমাংসা করার চাপ দেন। অন্যথায় মেরে ফেলার হুমকি দেন৷ বিষয়টি সেবিকা, ওয়ার্ড বয়, আয়াকে খুলে বলার পর রকিবুল্লাহ বা তাঁর সহযোগীরা আর হাসপাতালে আসেননি। ছেলেটি কান্নাকাটি করায় রকিবুল্লাহই তাকে হাসপাতালে দিয়ে গেছেন৷ এ ব্যাপারে মুঠোফোনে রকিবুল্লাহ সব অভিযোগ অস্বীকার করেন৷ তিনি বলেন, ‘এ সম্পর্কে আমি কিছুই জানি না৷’
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, ২৫ মে সকালে স্থানীয় লোকজন ওই নারীকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে একই দিন তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ২৯ মে জ্ঞান ফেরার পর ওই নারী তাঁর পরিচয় জানান এবং নির্যাতনের ঘটনা প্রকাশ করেন।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলাল হোসেন বলেন, এ ঘটনায় ৩ জুন ওই নারী বাদী হয়ে রকিবুল্লাহকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন৷ দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ওই নারী ও তাঁর ছেলেকে নিরাপত্তা এবং আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷