ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম-বাংলায় একসময় ঐতিহ্যবাহী সব প্রতিযোগিতার আয়োজন হতো। আজকাল গ্রামেও সেসব প্রতিযোগিতার আয়োজন হয় হাতেগোনা। গত রোববার বিকেলে ঠাকুরগাঁও শহরে বসেছিল হারিয়ে যাওয়া এমনই এক প্রতিযোগিতার আসর। দর্শনীর বিনিময়ে হলেও ঘোড়দৌড় উপভোগ করতে আসা মানুষের কমতি ছিল না। ঘোড়দৌড়কে ঘিরে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহামঞ্চদ স্টেডিয়াম সেজেছিল বর্ণিল রঙে। বিকেলে থেকেই নারী-পুরুষেরা ভিড় করতে থাকেন। তাঁদের হাত ধরে আসে শিশুর দল। টিকিটঘর থেকে একে একে টিকিট কেটে ঢুকে পড়েন স্টেডিয়ামের ভেতরে। একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় গোটা স্টেডিয়াম। প্রতিযোগিতার আয়োজক সেনুয়া ক্রীড়া ও সাহিত্য সংসদ নামের একটি সংগঠন। ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পৌরসভার মেয়র এস এম এ মঈন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর হক, আয়োজক কমিটির মাসুদ রানা, ফারুক হোসেন প্রমুখ। ঘোড়দৌড় দেখতে এসে ঠাকুরগাঁও শহরের গৃহবধূ ফেরদৌস আরা বলেন, ‘বিভিন্ন বই ও পত্রিকায় ঘোড়দৌড় সম্পর্কে পড়েছি। কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। তাই ছেলেকে নিয়ে দেখতে চলে এসেছি।’ঠাকুরগাঁও আবদুর রশীদ মহাবিদ্যালয়ের প্রভাষক কামরুল ইসলাম বলেন, ‘আগে এসব ঐতিহ্যবাহী প্রতিযোগিতা গ্রামের বিভিন্ন উৎসবে আয়োজন করা হতো। কিন্তু এখন গ্রামেও এসব প্রতিযোগিতার আয়োজন খুব একটা দেখা যায় না। তাই শহরে হাতের কাছে হারিয়ে যাওয়া এমন একটা আয়োজন দেখতে চলে এসেছি। দর্শনীর বিনিময়ে হলেও ভালো আয়োজনে দর্শকের অভাব হয় না। এ ঘোড়দৌড় প্রতিযোগিতা তারই প্রমাণ দেয়।’ আয়োজক সংগঠনের পৃষ্ঠপোষক মাসুদ রানা বলেন, ‘ঘোড়দৌড় বাঙালির ঐতিহ্যের প্রতীক। আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। সাড়া পেলে এমন আয়োজনের আরও উদ্যোগ নেব।’ সেনুয়া ক্রীড়া ও সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, লটারির মাধ্যমে অংশগ্রহণকারী ব্যক্তিদের তিনটি গ্রুপে ভাগ করা হয়। প্রথমে সাত রাউন্ড দৌড়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনালে ১০ রাউন্ড দৌড় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার ২০টি ঘোড়া অংশ নেয়।নীলফামারীর ডোমার উপজেলার আবদুল কাফি প্রথম পুরষ্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন, পঞ্চগড় সদরের আনোয়ার হোসেন দ্বিতীয় পুরস্কার হিসাবে একটি বাইসাইকেল এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১২ বছর বয়সী সামিউল রশীদকে তৃতীয় পুরস্কার হিসেবে নগদ টাকা দেওয়া হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তুলতে হলে হারিয়ে যাওয়া এসব প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নিতে হবে।