ঠাকুরগাঁওয়ে ছাত্রী ধর্ষণ মূল আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের মামলায় প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হলো।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, রাত দুইটার দিকে ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর মহল্লা থেকে সুমনকে (২৪) গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার ছাত্রী ও তার পরিবার গতকাল বুধবার দুপুরে থানায় গিয়ে আসামি সুমনকে শনাক্ত করে।
এর আগে গত শনিবার শহরের বসিরপাড়ার একটা মেস থেকে আরেক আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মেহেদী হাসান বলেন, দু-এক দিনের মধ্যে মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এদিকে স্কুলছাত্রী ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের ঠাকুরগাঁও শাখা। এতে সংগঠনটির জেলা সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক সুচরিতা দেব প্রমুখ বক্তব্য দেন। তাঁরা ওই ছাত্রীর চিকিৎসা ও আইনি সহায়তাসহ সব ধরনের সহযোহিতা দেওয়া হবে বলে জানান। সংবাদ সম্মেলনে ছাত্রীটির মা নির্যাতনের ঘটনার বর্ণনা দেন।