ঠাকুরগাঁওয়ে জমাট বাঁধা সার পড়ে আছে গুদামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাফার গুদাম থেকে স্থানীয় ডিলারদের জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু জমাট বাঁধা এসব সার কিনতে কৃষকদের আগ্রহ না থাকায় তা ডিলারের গুদামেই পড়ে থাকছে। ফলে ডিলাররা কেবল বিপাকেই নয়, আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন।

গত মাসে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাফার গুদাম থেকে ৯০ মেট্রিক টন ইউরিয়া সার উত্তোলন করেছেন ঠাকুরগাঁও রোড এলাকার ডিলার মাহমুদ হাসান। তাঁর উত্তোলন করা এসব সারের মধ্যে ২৫ টনের বেশি জমাট বাঁধা।

হরিপুর উপজেলার যাদুরানী হাট এলাকার সার ডিলার আবুল কাসেম বলেন, বছরখানেক ধরে শিবগঞ্জ বাফার গুদাম থেকে ডিলারদের যে ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে, এর বড় অংশই জমাট বাঁধা। প্রথম দিকে বরাদ্দের ৭০ শতাংশই জমাট বাঁধা সার দেওয়া হতো। বাকি ৩০ শতাংশ দেওয়া হতো কাফকো ও বিসিআইসির বল ইউরিয়া। এখন জমাট বাঁধা সার কমে ২০ থেকে ২৫ শতাংশে নেমে এসেছে।

রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটের সার ডিলার খায়রুল ইসলাম বলেন, কৃষকেরা কিছুতেই জমাট বাঁধা এসব সার কিনতে চাইছেন না। বাকিতে দিতে চাইলেও কৃষকেরা এসব সার নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার অভিযোগ করেন, অভিযোগ রয়েছে, পছন্দের ডিলারদের জমাট বাঁধা সারের পরিবর্তে দেওয়া হচ্ছে নতুন আমদানি করা সার। এ জন্য বস্তায় ৩০ থেকে ৪০ টাকা করে কমিশন নিচ্ছে রাজশাহী বাফার গুদামের ইনচার্জের নেতৃত্বে একটি চক্র। ডিলারদের অনেকেই এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঁচ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছেন হরিপুর উপজেলার জামুন গ্রামের কৃষক হাফিজুর রহমান। তিনি বলেন, ‘জমি তৈরির সময়ই প্রতি বস্তা কাফকো ইউরিয়া সার ৮০০ টাকা দরে কিনেছি। স্থানীয় এক ডিলার চীন থেকে আমদানি করা ইউরিয়া সারের বস্তা ৭৫০ টাকায় দিতে চাইছিলেন। কিন্তু জমাট বাঁধা থাকায় নিইনি।’

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বিসিআইসির বাফার গুদামের ইনচার্জ গোলাম মোস্তফা শিকদার বলেন, গত বছর চীন থেকে আমদানি করা ইউরিয়া সার দীর্ঘদিন ঘাটে পড়ে ছিল। সেখানে স্তূপ করে রাখায় বস্তার ভেতর সারগুলো জমাট বেঁধে যায়। শিবগঞ্জ বাফার গুদামে এখন প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন জমাট বাঁধা ইউরিয়া সার আছে। কাফকো ও বিসিআইসির বল ইউরিয়ার সঙ্গে কমবেশি করে ডিলারদের এ সার বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে আর্থিক সুবিধা নিয়ে জমাট সারের পরিবর্তে ভালো সার দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় ৬৩ জন সার ডিলার আছেন। এ বছর বিসিআইসি থেকে ৫৫ হাজার ৭২৩ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ পান তাঁরা। এ মৌসুমে বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন সবজির আবাদ হয়। তাই বছরের এ সময়টায় সারের চাহিদাও বেশ। কিন্তু জমাট বাঁধা এসব সার কৃষকেরা কিনতে চান না। এতে বিপাকে পড়েছেন ডিলাররা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কে এম মাউদুদুল হক বলেন, চীন থেকে যেসব ইউরিয়া সার আমদানি করা হয়েছিল, দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় জমাট বেঁধে গেছে। তবে এসব সার খেতে ব্যবহার করলে কোনো সমস্যা হওয়ার কথা না। সারের বস্তার গায়ে লেখা নিট ওজনের চেয়ে ওজন কমে গেলে বুঝতে হবে, ওই সার থেকে নাইট্রোজেন বেরিয়ে গেছে। এমন ইউরিয়া সারের গুণগত মান ঠিক না-ও থাকতে পারে।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন উত্তরাঞ্চলের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুলাল বলেন, বিষয়টি নিয়ে জেলা সার মনিটরিং কমিটির সভায় আলোচনা হয়েছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান ও সাংসদ কামরুল আশরাফ খান বিষয়টি শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কাছে তুলে ধরেছেন।