ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ে প্রাইম ব্যাংক ইয়াং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আদর্শ উচ্চবিদ্যালয় চাম্পিয়ন হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে গতকাল রোববার প্রতিযোগিতার সমাপনী খেলা হয়।
খেলায় প্রথমে ব্যাট করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় সব কটি উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে আদর্শ উচ্চবিদ্যালয় ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।
সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবদুল আওয়াল। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ। এরপর অতিথিরা বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি প্রদান করেন। প্রতিযোগিতায় জেলার আটটি স্কুল অংশ নেয়।