ঠাকুরগাঁওয়ে জাল ডলার তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সোমবার রাতে জাল ডলার তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সততা প্রেসে অভিযান চালিয়ে প্রেসের কর্মচারী বগুড়া সদর উপজেলার হাজড়াদীঘি বলিয়াপাড়ার মো. আসলাম (২২) ও কচুবাড়ি গ্রামের রামনাথ রায়কে (৪০) গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের পূর্ব গোয়ালপাড়া থেকে আবদুর রাজ্জাক সরকারকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৬১টি ১০০ মার্কিন ডলারের জাল নোট এবং নোট তৈরির কাজে ব্যবহূত একটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও স্ক্যানার মেশিন উদ্ধার করা হয়। পরে রাজ্জাকের স্বীকারোক্তি অনুযায়ী ডিবি মঙ্গলবার ভোরে সদর উপজেলার আউলিয়াপুর গ্রাম থেকে রেজাউল করিমকে (৩৫) গ্রেপ্তার করে।সততা প্রেসের মালিক মমতাজ উদ্দীন জানান, তাঁর প্রেসে আসলাম ও রামনাথ কাজ করতেন। ডিবির ওসি আবদুস সালাম মিয়া জানান, গ্রেপ্তার হওয়া চক্রটি দীর্ঘদিন জাল ডলার তৈরি করে প্রতারণা করে আসছিল। জাল ডলার তৈরি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।