ঠাকুরগাঁওয়ে ডলার বেচাকেনার সময় চারজন গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট এলাকায় গত মঙ্গলবার রাতে ডলার বিক্রি করে প্রতারণার সময় পুলিশ দুই প্রতারকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।ঠাকুরগাঁও থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁদপুরের নুরুল্লাহপুর গ্রামের মজিবর রহমান (৩৪) ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার জাহাঙ্গীর হোসেন (৩০) প্রতারক চক্রের কথায় ডলার কিনতে গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে আসেন। রাত নয়টায় দিকে প্রতারক চক্রের সদস্য পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রসাদপাড়া গ্রামের কোরবান আলী ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের আবদুর রহমান ওই দুজনকে সদর উপজেলার সালন্দরের চৌধুরীহাটের পাশে দেওরা মাঠে নিয়ে যান। তাঁরা কিছু মার্কিন ডলার ও ভারতীয় রুপি দেখিয়ে ওই দুজনের কাছ থেকে ২৩ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর দুটি ডিজিটাল ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মজিবর ও জাহাঙ্গীর চি ৎ কার শুরু করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে চারজনকেই আটক করে। তবে প্রতারক চক্রের আরও দুই সদস্য পালিয়ে যান। স্থানীয় সালন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) পরে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।ঠাকুরগাঁও থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, তাঁদের কাছ থেকে এক মার্কিন ডলারের ছয়টি নোট, ভারতীয় ৫০ রুপি, ৫০০ টাকার ৫২টি নোট, দুটি ডিজিটাল ক্যামেরা ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গত বুধবার ওই চার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।