ঠাকুরগাঁওয়ে ডিজেল-সংকট বিপাকে আলু ও গমচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের অবরোধ ও জামায়াত-শিবিরের হরতাল কর্মসূচির কারণে ঠাকুরগাঁওয়ে ডিজেলসংকট দেখা দিয়েছে। এতে ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করতে পারছেন না কৃষকেরা। যানবাহন না চলায় শহরে এসে বীজ ও সার সংগ্রহ করতে পারছেন না তাঁরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নভেম্বর মাসের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত গমের বীজ বপনের উপযুক্ত সময়। এই সময়ের পর বপন করলে গমের ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে জমিতে আলু লাগানোর উপযুক্ত সময়।
অধিদপ্তরের উপপরিচালক মো. বেলায়েত হোসেন জানান, চলতি মৌসুমে জেলায় ৫৭ হাজার ৩২৫ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও গত মঙ্গলবার পর্যন্ত ১৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। আর ২২ হাজার ৫৭৯ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ১৮ হাজার ৫৪৫ হেক্টর জমিতে।
মঙ্গলবার সদর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, ডিজেলসংকটের কারণে অনেক আলু ও গমচাষি হালচাষ করতে পারেননি। যাঁরা হালচাষ দিয়েছেন, তাঁরা অবরোধের কারণে ডিলার ও হিমাগারে গিয়ে সার ও বীজ সংগ্রহ করতে পারেননি।
বড়গাঁও গ্রামের রায়হানুল হক (৪৫) জানান, পাঁচ বিঘা জমিতে গম আবাদের জন্য ছয় দিন আগে জমিতে হালচাষ করেন। কিন্তু অবরোধের কারণে ২০ কিলোমিটার দূরে শহরের কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ বিক্রয়কেন্দ্রে গিয়ে বীজ সংগ্রহ করতে পারছেন না।
বাঁশগাড়া গ্রামের আবদুস সামাদ বলেন, ‘এবার চার বিঘা জমিতে আলু চাষের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ডিজেলের অভাবে এখনো জমিতে হালচাষ দিতে পারিনি। অনেকগুলো পেট্রলপাম্পে গিয়েও ডিজেল পাইনি।’
জ্বালানি তেলের ব্যবসায়ী শহরের চৌধুরী অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, ‘স্বাভাবিক অবস্থায় প্রতিদিনই পার্বতীপুর নয়তো বাঘাবাড়ীর ডিপো থেকে ডিজেল আনতে হয়। হরতাল-অবরোধের কারণে সর্বশেষ গত শুক্রবার ডিজেল এনেছিলাম। সোমবার তা শেষ হয়ে যায়। নাশকতার আশঙ্কায় ডিজেল আনা যাচ্ছে না। কৃষকেরা এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।’
যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, রবিশস্য চাষের জন্য প্রয়োজনে পুলিশের নিরাপত্তায় ফিলিং স্টেশনগুলোতে ডিজেল পরিবহন করার উদ্যোগ নেওয়া হবে।