ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী সমৃদ্ধি উন্নয়ন মেলা
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপী সমৃদ্ধি উন্নয়ন মেলা হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করায় সমৃদ্ধি প্রকল্পের শিক্ষা কেন্দ্রের চার বছরের শিক্ষার্থী মেঘলা রায়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সফিকুল ইসলাম। বক্তব্য দেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের কমান্ডার জীতেন্দ্রনাথ রায় প্রমুখ।
কাজী খলীকুজ্জমান বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আরও এগোতে চাই। বাকি পথটুকু এগোতে হলে যাঁরা পিছিয়ে আছেন,
তাঁদের দিকে নজর দিতে হবে। এই পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিতেই সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
কাজী খলীকুজ্জমান আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার একটি অংশ হলো এ দেশে একটি সমাজ থাকবে, বিভিন্ন সমাজে বিভক্ত হবে না। একটি সমাজ প্রতিষ্ঠিত করতে না পারলে মুক্তিযুদ্ধের শপথের বরখেলাপ করা হবে। এসব কাজ করতে হলে মানুষকে জাগিয়ে তুলতে হবে। মানুষ ও মানুষকে কেন্দ্র করে উন্নয়ন ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করতে দেশের ১৫০টি ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি পরিচালিত হচ্ছে।’
মেলায় আউলিয়াপুর ইউনিয়নে ইএসডিও পরিচালিত কর্মসূচি ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ১৪টি স্টল স্থাপন করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় বিপুলসংখ্যক মানুষ মেলা উপভোগ করেন। সঙ্গে ছিল বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক আয়োজন। বিকেলে ইএসডিও পরিচালিত ‘লোকায়ন’ জাদুঘর চত্বরে নদী গ্যালারির উদ্বোধন করেন কাজী খলীকুজ্জমান। পরে তিনি পিঠা উৎসবে যোগ দেন।