ঠাকুরগাঁওয়ে ধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন
এক গৃহবধূকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ড পাওয়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মির্জা মোহাম্মদ আইয়ুব আলী গতকাল সোমবার ওই রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের মো. আলমগীর (২০), ইসমাইল হোসেন (৩০), আরিফ হোসেন (২২) ও উত্তর বোয়ালিয়া গ্রামের ইউসুফ আলী (২০)। তাঁদের মধ্যে আরিফ হোসেন পলাতক।
আদালতসংশ্লিষ্ট সূত্র ও মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৮ জুন সদর উপজেলার এক বাড়ির ঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে চার তরুণ এক গৃহবধূকে (২২) ধর্ষণ করেন। এ ঘটনায় ১৯ জুন ওই গৃহবধূ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান সরকার ২০১৫ সালের ২৭ জুলাই ওই চার তরুণের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
মামলায় সরকারপক্ষের আইনজীবী আবু তৈয়ব মোহাম্মদ নাজমুল হুদা জানান, এ মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গতকাল আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।