ঠাকুরগাঁওয়ে নানা কৌশলে সিগারেটের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে তামাকজাত দ্রব্যের প্রচারণার নিষেধাজ্ঞা থাকলেও থেমে নেই তামাক কোম্পানিগুলো। তারা নানা কৌশলে সিগারেটের প্রচারণা চালাচ্ছে। ভোক্তাদের আকৃষ্ট করতে বিতরণ করা হচ্ছে নানা উপহার।
সম্প্রতি ঠাকুরগাঁও শহর ও বিভিন্ন হাট-বাজারে তামাক কোম্পানির কর্মীদের সাধারণ মানুষের মধ্যে মান ও মূল্যস্বল্পতা তুলে ধরে সিগারেটের প্রচারণা চালাতে দেখা গেছে।
বাংলাদেশে ২০০৫ সালে আইন করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের প্রচারে বিধিনিষেধ আরোপ করা হয়। আইনটির কিছু দুর্বলতা দেখা দেওয়ায় সংশোধনী আনা হয় ২০১৩ সালে। এর বিধি ২০১৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৫’ নামে চূড়ান্ত করা হয়।
বিধিমালার ৫ ধারার ১ উপধারায় উল্লেখ আছে, ‘কোনো ব্যক্তি (ক) প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোনো বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড বা সাইনবোর্ডে বা অন্য কোনোভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না; (খ) তামাকজাত দ্রব্য ক্রয়ে প্রলুব্ধকরণে উহার কোনো নমুনা, বিনা মূল্যে বা স্বল্পমূল্যে, জনসাধারণকে প্রদান বা প্রদানের প্রস্তাব করিবেন না বা করাইবেন না; (ছ) তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না।’ এ ছাড়া উপধারা (৪)-এ আছে, ‘কোনো ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করিলে তিনি অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃপুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হইবেন।’
গতকাল বুধবার শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে কথা হয় মো. ফিরোজ নামের এক দোকানির সঙ্গে। তাঁর দোকানের শোকেস ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজের উইনস্টন সিগারেটের মোড়ক দিয়ে সাজানো। পাশেই রাখা ব্রিটিশ গোল্ডলিফ সুইচ সিগারেটের নমুনা। জানতে চাইলে তিনি বলেন, এটি কোম্পানির লোকজন সাজিয়ে দিয়েছেন। এ ছাড়া কোম্পানিগুলো শুভেচ্ছা উপহার হিসেবে নানা পণ্য দিয়ে থাকে।
শহরের চৌরাস্তার অনিক স্টোরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নমুনা মোড়ক দিয়ে শোকেস সাজানো।
সম্প্রতি রানীশংকৈল উপজেলার নেকমরদহাটে দেখা যায়, হাটের প্রবেশপথে ব্রিটিশ পতাকার আদলে তৈরি ছাতার নিচে দাঁড়িয়ে দুজন তরুণ পাশের পান-সিগারেটের দোকানে সিগারেট কিনতে আসা লোকজনকে ডেকে কথা বলছেন। এই প্রতিবেদক এগিয়ে গিয়ে দেখেন, তাঁরা ওই লোকদের কাছে ব্রাইটন নামের একটি সিগারেটের ব্র্যান্ডের গুণাগুণ তুলে ধরছেন। এ ছাড়া স্বাদ পরীক্ষার নামে ভোক্তাদের উদ্বুদ্ধ করতে তাঁদের হাতে তুলে দিচ্ছেন সিগারেটের একটি শলাকা। সিগারেটটি টানার পর ভোক্তা সিগারেট কিনতে আগ্রহী হলে এক প্যাকেটের দামে আরেকটি প্যাকেট উপহার হিসেবে দিচ্ছেন প্রচারকর্মীরা। এ সময় কথা হয় দুই প্রচারকর্মী মিকাইল ইসলাম ও মো. শরীফের সঙ্গে। তাঁরা দুজনই ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজের সিগারেটের ব্র্যান্ড ব্রাইটনের জন্য কাজ করছেন। মিকাইল বলেন, ‘তামাকজাত দ্রব্য হিসেবে সিগারেটের প্রচারণা অবৈধ কি না জানি না। কোম্পানির ঊর্ধ্বতনরা যেভাবে কাজ করতে বলেন, আমরা তা-ই করি।’
বেসরকারি সংস্থা এসিডির প্রোগ্রাম অফিসার মতিউর রহমান বলেন, সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও বাস্তবায়নে নানা পদক্ষেপ গ্রহণ করলেও কোম্পানিগুলো কৌশলে জনসাধারণ, বিশেষ করে তরুণদের তামাকজাত দ্রব্য ব্যবহারে উৎসাহিত করছে। এ বিষয়ে ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজের টেরিটরি কর্মকর্তা আবু সালেহ বলেন, তাঁদের কোম্পানি আইন মেনেই পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা টাস্কফোর্সের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে অভিযান চালাব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’