ঠাকুরগাঁওয়ে নিউমোনিয়ার প্রকোপ
ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চলে নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে। প্রতিদিন নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অসংখ্য শিশু। গতকাল শনিবার সকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর উপজেলার দেবীপুর মোলনী গ্রামের জগদীশ চন্দ্রের পাঁচ মাসের ছেলে বাবু সদর হাসপাতালে মারা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই দিনে ১০৭টি শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৮টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত। বহির্বিভাগে আরও ২৭৪ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩৯টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। আক্রান্ত এসব শিশুর চিকিৎসা দিতে প্রয়োজনীয় লোকবল ও স্থান-সংকটের কারণে হিমশিম খাচ্ছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসকেরা। গতকাল সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, মাত্র ১৮ শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ১০৭টি শিশু। শিশুদের সঙ্গে তাদের আত্মীয়স্বজন আসায় গিজগিজ করছে ওয়ার্ড। শয্যা-সংকটের কারণে ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেক শিশুকে। অনেক অভিভাবক শিশুর জন্য ওয়ার্ডের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের দোতলার সিঁড়িঘরের মেঝেতে বিছানা পেতে ছয় মাসের শিশু রাবুর চিকিৎসা করাচ্ছেন সদর উপজেলার ভুল্লি বাজারের মানিকের স্ত্রী আলেয়া বেগম। তিনি জানান, গত বুধবার তাঁর ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে আসেন। বাচ্চাকে ক্লিনিকে ভর্তির সামর্থ্য না থাকায় এখানে এসেছেন। শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক শাহজাহান নেওয়াজ জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আবার মৌসুমের কারণে ছয় মাসের কম বয়সী শিশুরা ‘ব্রঙ্কিউলাইটিস’ রোগে আক্রান্ত হয়ে থাকে। মূলত ব্রঙ্কিউলাইটিসই নিউমোনিয়ার কারণ। তবে ঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো গেলে এবং সঠিক চিকিৎসা দেওয়া গেলে সমস্যা হয় না।