ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের চার সড়কে গতকাল রোববার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা। ডিজেলচালিত তিন চাকার যান নছিমন, করিমন, ভটভটি ও ইজিবাইকসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহনমালিক ও শ্রমিকদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ব্যস্ততম ঠাকুরগাঁও-হরিপুর, ঠাকুরগাঁও-পীরগঞ্জ, ঠাকুরগাঁও-রানীশংকৈল ও ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে নছিমন, করিমন, ভটভটি ও ইজিবাইক বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এ কারণে তাঁরা এসব সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন।
কাঁচামাল ব্যবসায়ী পরিমল সরকার জানান, পরিবহন ধর্মঘটের কারণে কাঁচামাল ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ী ও চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জব্বার জানান, জেলার সড়ক-মহাসড়কে দিন দিন অবৈধ যানবাহন চলাচল বেড়ে গেছে। এ কারণে তাঁরা এ ধর্মঘট পালন করছেন। ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি রামবাবু জানান, দীর্ঘদিন ধরে মালিক সমিতি রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা পরিবহন ধর্মঘট শুরু করেছে। তবে ঠাকুরগাঁও জেলা থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা বলেন, ‘গত ২০১১ সালের সেপ্টেম্বর মাসে যোগাযোগ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন মেনেই আমরা রাস্তায় থ্রি-হুইলার চালিয়ে যাচ্ছি।’
লালমনিরহাটে ধর্মঘট প্রত্যাহার: লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মজুরি সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আশ্বাসে দরপত্র বাতিলের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট ৭২ ঘণ্টা পর গতকাল সকালে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করায় বিসিআইসি এবং বিএডিসি পরিচালিত লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাফার গুদাম থেকে সার সরবরাহ শুরু হয়েছে।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘শ্রমিক ধর্মঘটের বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় পর্যায়ে কথা বলে শ্রমিকদের দেশের বৃহত্তর স্বার্থে কাজে যোগ দিতে বলেছি। ২০১৪-১৫ অর্থবছরের দরপত্রে দেওয়া দরের পরিমাণটি খুব কম হওয়ায় সেটি পুনর্বিবেচনা করতে পদক্ষেপ নেওয়া হবে।’