ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোল আদায় নিয়ে বিরোধের জেরে এবং টোলঘর ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় মোটর মালিক সমিতির অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল শনিবার টানা তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। ধর্মঘটের কারণে ঠাকুরগাঁও জেলার সঙ্গে রাজধানীসহ অন্যান্য জেলার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এ ছাড়া মালিক-শ্রমিক সংগঠনের লোকজন জেলার বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

টোল আদায়কে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ে মোটর মালিক সমিতি গত বৃহস্পতিবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।

গতকাল সকালে শহরের বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে, শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ী সেতু, পুরোনো বাসস্ট্যান্ড, আর্ট গ্যালারি মোড়সহ বিভিন্ন সড়কে শ্রমিকেরা অবস্থান নিয়েছেন। সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। সেখান থেকে কোনো বাস চলাচল করছে না। যাত্রীরা বাস না পেয়ে ফিরে যাচ্ছে। অনেকে আবার জরুরি প্রয়োজনে নছিমন, ডিজেলচালিত থ্রি-হুইলার, ইজিবাইকে চড়ে গন্তব্যে রওনা দিচ্ছে। দূরপাল্লার বিআরটিসি বাস চলাচল করলেও ঢাকাগামী অন্য কোনো বাস চলাচল করছে না।

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, মোটর মালিক সমিতি পৌরসভা থেকে ইজারা নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী টোল আদায় করছিল। কিন্তু এতে বাদ সাধে ট্রাক, ট্যাংক–লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। তারা নিয়মের তোয়াক্কা না করে মহাসড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজি করছে। এই টাকা তোলার লক্ষ্য নিজেদের জন্য ভবন নির্মাণ করা। গত বুধবার শ্রমিক ইউনিয়নের লোকজন টোলঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মহাসড়কের অবৈধ চাঁদা আদায় বন্ধ করা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।

জেলা ট্রাক, ট্যাংক–লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জয়নুদ্দিন বলেন, ঠাকুরগাঁও পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালের টোল আদায়ের জন্য মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে চিঠি দিয়ে ইজারাদার হিসেবে টোল আদায়ের ক্ষমতা দেয়। কিন্তু সেই চিঠিতে ট্রাক থেকে কোনো প্রকার টোল আদায়ের কথা উল্লেখ করা হয়নি। অথচ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঘর তুলে অবৈধভাবে ট্রাক থেকে টোল আদায় করা হচ্ছে। এ অবৈধ টোল আদায়ের প্রতিবাদ করায় মোটর মালিক সমিতি অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে।

জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে।