ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট অব্যাহত বাড়ছে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
গতকাল বুধবার ধর্মঘটের চতুর্থ দিনে বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীরা বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। জরুরি প্রয়োজনে কেউ কেউ নছিমন, করিমন, ডিজেলচালিত থ্রি-হুইলার এবং অটোরিকশায় করে গন্তেব্যে রওনা দিচ্ছেন। ছোট ওই যানগুলোতে গন্তব্যে যেতে গিয়ে যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
দুপুরে নরেশ চৌহান সড়কে ঢাকার বাস কাউন্টারের সামনে কথা হয় ঢাকা কলেজের ছাত্র সাদমান আরেফিনের সঙ্গে। তিনি জানান, জরুরি প্রয়োজনে ঠাকুরগাঁওয়ে এসে তিনি আটকা পড়েছেন।
কলেজপাড়ার বাসিন্দা আবদুল কাশেম জানান, বাস বন্ধ থাকায় আটোরিকশা ভাড়া করে জরুরি প্রয়োজনে তাঁকে দিনাজপুর যেতে হয়েছিল। এ জন্য তাঁর এক হাজার ২০০ টাকা খরচ হয়েছে।
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জব্বার বলেন, সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনে যাত্রী পরিবহনের কারণে বাস মালিক-শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবৈধ যান বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখার পরই তাঁরা ধর্মঘট প্রত্যাহার করবেন।
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি রামবাবু জানান, দীর্ঘদিন মালিক সমিতি রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা পরিবহন ধর্মঘট শুরু করেছেন।
এদিকে জেলা থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা বলেন, ‘মোটর মালিক সমিতির দাবি অনৈতিক। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে যোগাযোগ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন মেনেই আমরা রাস্তায় থ্রি-হুইলার চালিয়ে যাচ্ছি।’
গত রোববার যাত্রী তোলা নিয়ে ডিজেলচালিত তিন চাকার যান শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কয়েকজনকে আটক করে। এরপর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।