ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সড়ক-মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন, ভটভটি ও থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে ঠাকুরগাঁও জেলায় ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল বুধবার রাত থেকে প্রত্যাহার করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় গত ২৪ আগস্ট থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের পর ঢাকাসহ দূরপাল্লার সব যানবাহন চলাচল চলতে শুরু করে। আজ সকাল থেকে সব যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী জানান, জেলা প্রশাসনের অনুরোধে তাঁরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, মালিক সমিতি তাদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।