ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট সপ্তম দিনে, চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সাত দিন ধরে (গত রোববার থেকে) ঠাকুরগাঁও জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ ছাড়া দুই শ্রমিক সংগঠনের লোকজন জেলার বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
মোটর মালিক সমিতি ও শ্রমিক সূত্রে জানা গেছে, নিজেদের শক্তি বাড়াতে তাঁরা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান ধর্মঘটের আওতায় আনতে যোগাযোগ শুরু করেছেন। এ নিয়ে গত মঙ্গলবার মোটর মালিক সমিতির কার্যালয়ে সংগঠনটির সভাপতি রাম বাবুর সভাপতিত্বে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়। বৈঠকের পর গতকাল শনিবার শহরে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিক যৌথ কমিটি মাইকিং করে আজকের (৩১ আগস্ট) মধ্যে সমস্যা সমাধানের সময়সীমা বেঁধে দেয়। এ সময় বলা হয়, সময়সীমার মধ্যে সমস্যার সামাধান না হলে ১ সেপ্টেম্বর থেকে জেলায় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এদিকে জেলা টেম্পো ও থ্রি-হুইলার মালিক সমিতি বুধবার রাতে শহরের বিভিন্ন সড়কে পথসভা করে যান চলাচল অব্যাহত রাখার ঘোষণা দেন। পথসভায় সমিতির সদস্যরা বলেন, তাঁদের যানগুলো বৈধ। কিন্তু প্রশাসন পরিবহন মালিক-শ্রমিকের চাপে থ্রি-হুইলার চলাচল বন্ধ রাখতে অনুরোধ করছে। কিন্তু তাঁরা এ অনুরোধ রাখবেন না।
গতকাল সরেজমিনে দেখা গেছে, শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ি সেতু, পুরোনো বাসস্ট্যান্ড, আর্টগ্যালারি মোড়, ঠাকুরগাঁও স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে শ্রমিকেরা অবস্থান নিয়েছেন। যাত্রীরা বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। জরুরি প্রয়োজনে অনেকে নছিমন, করিমন, ডিজেলচালিত থ্রি-হুইলার ও অটোরিকশায় করে গন্তব্যে রওনা দিচ্ছেন। চলছে না দূরপাল্লার কোনো বাস।
বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর গ্রাম থেকে শহরে আসছিলেন হরেস উদ্দিন। তিনি বলেন, ভ্যান, অটোরিকশায় করে তিনবার গাড়ি বদল করে তাঁকে ঠাকুরগাঁওয়ে আসতে হয়েছে। সাধারণত ঠাকুরগাঁওয়ে আসতে ৫০-৬০ টাকা খরচ হয়। আজ ১১০ টাকা খরচ হলো। সময়ও লাগল দ্বিগুণ।
থ্রি-হুইলার মালিক সমিতির সদস্য মো. জাকারিয়া অভিযোগ করে বলেন, মোটর পরিবহন মালিক ও শ্রমিকেরা জেলার বিভিন্ন সড়কে থ্রি-হুইলার চলাচলে বাধা দিচ্ছেন। পরিবহন শ্রমিকেরা ট্রাক-পিকআপ ভ্যানে করে শহরের সড়কে ঘুরে ঘুরে যাত্রীদের ভয়ভীতি দেখাচ্ছেন।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি রাম বাবু জানান, তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা পরিবহন ধর্মঘট শুরু করেছেন। অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসন উদ্যোগ না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট চলবে।
পৌরসভার মেয়র এস এম এ মঈন এ নিয়ে গতকাল মোটর পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, ধর্মঘট প্রত্যাহারে বিষয়ে থ্রি-হুইলার মালিক-শ্রমিকদের সঙ্গেও কথা বলা হবে। এরপর ফলাফল আসতে পারে।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে।