ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ছেলেকে সঙ্গে নিয়ে গরুকে গোসল করাতে খালে নেমেছিলেন বাবা। গরুর গোসল শেষ হলো ঠিকই। কিন্তু ছেলেরা ডুবে গেল পানিতে। বাঁচাতে গিয়েও ব্যর্থ হয়ে ছেলেদের ডুবে যাওয়া দেখলেন বাবা।

আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সন্ধারাই গ্রামে কুলিক নদীর পাশের একটি খালে এ দুর্ঘটনা ঘটে। ডুবে মারা গেছে মো. নান্নু (১৪) ও মো. নাহিদ (১০) নামের দুই শিশু। তারা সন্ধারাই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে খলিলুর তাঁর দুই ছেলে নান্নু ও নাহিদকে সঙ্গে নিয়ে ওই খালে গরুকে গোসল করাতে যান। গরুকে গোসল করানো শেষে দুপুরের দিকে নান্নু ও নাহিদ নিজেরা গোসল করতে খালের পানিতে নামে। একপর্যায়ে নাহিদ খালের পানিতে ডুবে যায়। ঘটনাটি নান্নুর নজরে পড়লে সে ভাইকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়। কিন্তু একপর্যায়ে খালে একটি গর্তের পানিতে দুজনই ডুবে যেতে থাকে। এমন সময় খলিলুর বিষয়টি খেয়াল করে দ্রুত এসে নান্নু ও নাহিদকে গর্ত থেকে তুলে আনার চেষ্টা করেন। কিন্তু গর্তের পানি থেকে দুই ছেলেকে তুলে আনতে না পেরে তিনি চিৎকার শুরু করেন। খলিলুরের চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে ঘণ্টা দু-এক চেষ্টার পর খালের ওই গর্তের ভেতর থেকে নান্নু ও নাহিদের মৃতদেহ উদ্ধার করেন।
রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার বলেন, নান্নু ও নাহিদ দুজনই তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নান্নু গত বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রানীশংকৈল পাইলট উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়েছিল। আর নাহিদ এবার প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) শেষ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল।