ঠাকুরগাঁওয়ে ফতোয়ার শিকার চারটি পরিবার একঘরে
‘গ্রামের মুদি দোকানদারদের বলে দেওয়া হয়েছে আমাদের কাছে জিনিস বিক্রি করলে শাস্তি দেওয়া হবে। ছেলেদের বাড়ির পাশের মসজিদে নামাজ পড়াও বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের বাইরের কারও সঙ্গে কথা বললে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন প্রচণ্ড আতঙ্কে আছি।’ গত বুধবার কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পারকুণ্ডা দিঘিয়াপাড়ার বৃদ্ধা দানুর বিবি। গ্রামের মাতবরেরা ফতোয়া জারি করে তাঁর এবং তাঁর তিন ছেলের পরিবারকে একঘরে করে রেখেছেন।তাসিরুল ইসলাম জানান, রাগের মাথায় তিনি স্ত্রী কুলসুমকে তালাক দেওয়ার জন্য আদালতের মাধ্যমে এফিডেভিট করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে কুলসুমকে আবার ঘরে তুলে নেন। এরপর থেকে তাঁর পরিবারের ওপর জারি করা হয়েছে নানা নিষেধাজ্ঞা, চলছে একের পর এক নিপীড়ন।পারকুণ্ডা দিঘিয়াপাড়াবাসী জানান, গত জানুয়ারিতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এরপর তাসিরুল ক্ষুব্ধ হয়ে কুলসুমকে তালাক দেওয়ার জন্য একটি এফিডেভিট করেন। এ ঘটনার পর থেকে কুলসুম ও তাসিরুল আলাদা থাকতে শুরু করেন। কিছুদিন পর কুলসুমের সঙ্গে তাসিরুলের সম্পর্ক স্বাভাবিক হয়। তবে দীর্ঘদিন আলাদা থাকায় কুলসুমকে পুনরায় বিয়ে করতে হবে, গ্রামের একজন এমন মত দিলে তাসিরুল কুলসুমকে ফের বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনা নিয়ে গ্রামের মাতবর রমজান আলী, আমিনুর রহমান, রেজাউল করিম ও ইসলাম সালিস-বৈঠক বসান। বৈঠকে রমজান আলী ফতোয়া জারি করেন, তাসিরুল তালাকের সিদ্ধান্ত নেওয়ায় তাসিরুল ও কুলসুমের তালাক কার্যকর হয়ে গেছে। এর পরও একসঙ্গে বসবাস করে তাঁরা ব্যভিচার করছেন। তাসিরুলের কুলসুমকে বিয়ে করতে হলে, কুলসুমকে আগে হিল্লা বিয়ে দিতে হবে। কুলসুম হিল্লা বিয়েতে আপত্তি করলে রমজান আলী ওই পরিবারের সঙ্গে গ্রামের লোকদের সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে একঘরে করার নির্দেশ দেন। তিনি সিদ্ধান্ত দেন, গ্রামের রাস্তায় তাসিরুল ও কুলসুম চলাচল করতে পারবেন না। মুদি দোকানদারেরা তাঁদের কাছে জিনিস বিক্রি করতে পারবেন না। মসজিদে নামাজ পড়তেও পারবেন না। তাসিরুলের দুই মেয়েকে গ্রামের মক্তব থেকে বের করে দেওয়া হয়।কুলসুম বেগম বলেন, ‘পারিবারিক জীবনে ঝগড়া-বিবাদ থাকতেই পারে। স্বামী রেগে গিয়ে তালাকের জন্য এফিডেভিট করেছিলেন। এ জন্য তিনি ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।’তাসিরুলের বড় ভাই নাসিরুল ইসলাম বলেন, ‘ফতোয়া জারির পর থেকে গ্রামবাসীর ভয়ে তাসিরুলের পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই। কিন্তু কিছুদিন আগে আমার ছেলে অসুস্থ হয়ে পড়লে কুলসুম তাকে দেখতে আমার বাড়িতে আসেন। এ কারণে মাতবরেরা তাসিরুল, আমার, আমার আরেক ভাই আবদুল লতিফ ও মা বৃদ্ধা দানুর বিবির পরিবারের সঙ্গেও গ্রামবাসীর সম্পর্ক ছিন্ন করতে ফতোয়া জারি করেন। সেই থেকে আমাদের সঙ্গে গ্রামের কেউ কথা বলে না।’রমজান আলী বলেন, ‘শরিয়ত অনুযায়ী তালাক হওয়ায় সালিস-বৈঠকে স্বামী-স্ত্রীকে আলাদা থাকার সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু সে সিদ্ধন্ত তাসিরুল অমান্য করায় তাঁদের একঘরে করা হয়েছে। শরিয়ত রক্ষা করতেই গ্রামবাসী এ রায় দিয়েছেন, এ বিষয়ে আমার করার কিছুই নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল হক বলেন, ঘটনাটি জেনে ফতোয়ার শিকার তাসিরুল ইসলামের পরিবারের সঙ্গে কথা বলেছি। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।