ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ৫
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচজন মারা গেছে এবং ১৪ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঝড় চলাকালে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো: হরিপুর উপজেলার মরাধার গ্রামের দবির উদ্দীনের ছেলে মো. রব্বানী (১৮), মাগুড়া গ্রামের আবুল কালামের মেয়ে শাহিনা বেগম (১৪), আমগাঁও গ্রামের ভুদু মোহামঞ্চদের মেয়ে সুরাইয়া বেগম (১০), পীরগঞ্জের উত্তর দস্তমপুর গ্রামের মোশাররফ আলী (২৩) ও একই গ্রামের আনোয়ারুল হক (২৮)। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ হরিপুর উপজেলার বিভিন্ন স্থানে আকাশ কালো হয়ে যায়। এরপর বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে মো. রব্বানী, শাহিনা বেগম ও আমগাঁও সুরাইয়া বেগম মারা যায়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পীরগঞ্জের সেনগাঁও, জাবরহাট ও বৈরচুনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় কালবৈশাখী বয়ে যায়। এ সময় আট-নয়জন ধান কাটা শ্রমিক পীরগঞ্জ উপজেলার ভেবরা বিলের মাঝখানের একটি কুঁড়েঘরে আশ্রয় নেন। একপর্যায়ে ওই ঘরে বজ্রপাত হলে মোশাররফ আলী ও আনোয়ারুল হক মারা যায়।