ঠাকুরগাঁওয়ে বাণিজ্য মেলায় নেই স্থানীয় উদ্যোক্তার পণ্য
স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে বাজার সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁও শিল্প ও বণিক সমিতি আয়োজন করেছে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা। কিন্তু এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের কোনো পণ্যের প্রদর্শন নেই।
ঠাকুরগাঁও সদর শহরের রোড যুব সংসদ মাঠে ২৭ এপ্রিল থেকে চলছে মাসব্যাপী এই মেলা। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, ৫১টি স্টল রয়েছে। এর মধ্যে ১৩টি তৈরি পোশাক, ৪টিতে অলংকার পণ্য, ৬টিতে গৃহস্থালি পণ্য, ৫টিতে জুতা-স্যান্ডেল, ৬টি খেলনা, ৭টি ব্যাগের স্টল। অন্যগুলো চশমা, কম্বল, সোফা, ফুল, আচারসহ মুখরোচক খাবারের দোকান। কোথাও স্থানীয় উদ্যোক্তাদের কোনো পণ্যের প্রদর্শন দেখা যায়নি।
মথুরাপুর এলাকার গৃহবধূ রোজিনা আক্তার বলেন, ‘আমাদের এলাকার সুই-সুতার কাজ করা পোশাক কিনতে এসেছিলাম। কিন্তু মেলার ভেতরে ঢুকে দেখি নিম্নমানের তৈরি পোশাক, বাচ্চাদের খেলনা, স্যান্ডেল ও গৃহস্থালির জিনিসের কয়েকটি দোকান। এলাকার কোনো পণ্য দেখতে পেলাম না। তাই ফিরে যাচ্ছি।’
ঠাকুরগাঁও রোড এলাকার ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, উদ্যোক্তাদের পণ্যের বাজার সৃষ্টিতে শিল্প ও বাণিজ্যে মেলা ভূমিকা রাখতে পারে। এবারের মেলার আমন্ত্রণপত্রেও জেলার কৃষি, শিল্প, বাণিজ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য না থাকায় তাঁরা এ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। শুধু দায়সারা আয়োজন নয়, এলাকার উদ্যোক্তাদের বাণিজ্যের জন্য শিল্প ও বণিক সমিতিকে উদ্যোগ নিতে হবে।
শহরের তৈরি পোশাকের উদ্যোক্তা চন্দনা ঘোষ বলেন, ‘এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের ডাকাই হয়নি। মেলায় নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে তাঁদের উৎসাহ বাড়াতে এ মেলা ব্যাপক ভূমিকা রাখতে পারত। কিন্তু আমরা এ সুযোগ পেলাম না। এটা আমাদের জন্য কষ্টকর।’
সূর্যের আলো ব্যবহার করে চলে, এমন ভ্রাম্যমাণ সেচযন্ত্রের উদ্ভাবক সদর উপজেলার মোলানী গ্রামের সোলেমান আলী বলেন, ‘এই মেলায় আমি ভ্রাম্যমাণ সেচযন্ত্র প্রদর্শনের জন্য দোকান দিতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। প্রতিবছর এখানে বাইরের পণ্য নিয়ে বাণিজ্য মেলা হলেও স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার কোনো কাজে আসে না।’
ঠাকুরগাঁও শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মো. মনিরুজ্জামান বলেন, ‘মেলায় স্টল বরাদ্দের জন্য স্থানীয় উদ্যোক্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই মেলার স্টল ফাঁকা না রেখে বাইরের দোকানিদের বরাদ্দ দেওয়া হয়েছে।’
ঠাকুরগাঁও শিল্প ও বণিক সমিতির সভাপতি হাসিবুল ইসলাম বলেন, ‘অন্য জেলার পণ্যের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্যই এ মেলা, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা এবার তা করতে পারিনি। পরের মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য নিয়েই আয়োজন করা হবে।’