ঠাকুরগাঁওয়ে বাবা-ছেলের লাশউদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার লৌহচাঁদ গ্রামে আজ রোববার সকালে ছেলের জবাই করা ও বাবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ঘটনা নিয়ে গতকাল শনিবার দুপুরে তসির উদ্দিনের (৪৫) সঙ্গে তাঁর স্ত্রী লালবানুর ঝগড়া হয়। এর পর তিনি স্বামীর ওপর রাগ করে ছেলেমেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এ নিয়ে তসিরের সঙ্গে বড় ছেলে রুস্তম আলীর (১৪) কথা-কাটাকাটি হয়। আজ সকাল আটটার দিকে ওই বাড়ির আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। সে সময় তারা রুস্তমের জবাই করা দেহ বিছানায় পড়ে থাকতে এবং পাশে তসিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, রুস্তমকে জবাই করে হত্যা করা হয়েছে—এটা নিশ্চিত। ছেলেকে হত্যা করে তসির নিজে আত্মহত্যা করেছেন, এলাকাবাসী এমন ধারণা করছে। তবে তসিরের শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত পাওয়া যাওয়ায় রহস্য দেখা দিয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।