দুই ছেলেকে সঙ্গে নিয়ে গরু গোসল করাতে নদীতে নেমেছিলেন বাবা খলিলুর রহমান। গরুর গোসল শেষ হলো ঠিকই। কিন্তু নিজের চোখের সামনেই ছেলেদের নদীতে তলিয়ে যেতে দেখলেন খলিলুর। গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধারাই গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু সুলতান বলেন, সন্ধারাই গ্রামের খলিলুর রানীশংকৈল ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি তাঁর দুই ছেলে মো. নান্নু (১৪) ও মো. নাহিদকে (১০) সঙ্গে নিয়ে কুলিক নদীর খালে গরু গোসল করাতে যান। গরুর গোসল শেষে নান্নু ও নাহিদ নিজেরা গোসল করতে খালের পানিতে নামে। গোসলের একপর্যায়ে নাহিদ খালের একটি গর্তে পড়ে যায়। ঘটনাটি নান্নুর নজরে পড়লে সে ভাইকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়। একপর্যায়ে গর্তের পানিতে দুজনই তলিয়ে যেতে থাকে। খলিলুর বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নান্নু ও নাহিদকে রক্ষা করার চেষ্টা করেন। তাদের গর্ত থেকে তুলে আনতে না পেরে খলিলুর চিৎকার করে আশপাশের লোককে ডাকাডাকি শুরু করেন। খলিলুরের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘণ্টা দুয়েক চেষ্টার পর খালের গর্তের ভেতর থেকে নান্নু ও নাহিদের লাশ উদ্ধার করেন।
রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার বলেন, নান্নু রানীশংকৈল পাইলট উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। আর নাহিদ ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ও ওই দুই ভাইয়ের পরিবার সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জের মহিশমুড়ি গ্রামের আবু রায়হানের ছেলে নাছির মিয়া (৫) ও মো. সামির (৪)। কয়েক দিন আগে তারা মা হালিমা বেগমের সঙ্গে মামার বাড়ি গোবিন্দগঞ্জের পূর্বদইহাড়া গ্রামে বেড়াতে যায়। গতকাল বিকেলে দুই ভাই মামার বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বিকেল পাঁচটার দিকে স্থানীয় লোকজন তাদের পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেন। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করেন মামার বাড়ির লোকজন।