ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ ও জঙ্গিবাদকে লাল কার্ড

ঠাকুরগাঁও শহরে ইকো পাঠশালা অ্যান্ড কলেজ চত্বরে গতকাল শনিবার তিন হাজার শিক্ষার্থী বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিয়েছে। এ সময় শিক্ষার্থীরা এগুলোকে লাল কার্ড দেখায়।
অনুষ্ঠানে ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস স্কুলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এর আগে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রধান কার্যালয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার ফারহাত আহমেদ। প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক মুহম্মদ শহীদ উজ জামান, সদস্যসচিব রেজওয়ানুল হক প্রমুখ বক্তব্য দেন।
পরে শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতারের সঞ্চালনায় খন্দকার গোলাম ফারুক শপথ পাঠ করান। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ দূর করতে হবে। এমন একটা সমাজ গঠন করার অঙ্গীকার করতে হবে, যেখানে থাকবে না মাদক। থাকবে না কোনো জঙ্গিবাদ।’
শপথ করে ইকো পাঠশালা অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাশ্বত জামান বলে, ‘আজ পাঁচটি খারাপ কাজকে আমরা লাল কার্ড দেখিয়েছি। এগুলো থেকে দূরে থাকব। বন্ধু-বান্ধবদেরও দূরে থাকতে পরামর্শ দেব।’
সেলিমা আখতার বলেন, ‘এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এ শপথ থেকেই শিক্ষার্থীরা বাল্যবিবাহ, মাদক, ইভ টিজিং ও জঙ্গিবাদ থেকে নিজেদের দূরে রাখতে পারবে। এ ব্যাপারে অন্যদেরও সচেতন করতে পারবে।’