ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নারী উন্নয়ন নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও স্থানীয় সরকারে কাঠামোতে নারীদের দায়-দায়িত্ব ও ভূমিকা সুনির্দিষ্টকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশ হয়েছে। ঠাকুরগাঁও এনজিও সেল ও সেপ্টস টুয়ার্ডস ডেভেলপমেন্টের (এসটিডি) সহযোগিতায় সুফিয়া কামাল ফেলো এবং জেলা জেন্ডার চেঞ্জ অ্যাকটিভিটিজ (জিসিএ) যৌথভাবে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আন্তর্জাতিক নারী দিবসের ক্যাম্পেইন কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার এই কর্মসূচি পালন করে। সকালে জেলা পরিষদের ডাক বাংলো চত্বরে একে একে নারীরা একত্রিত হতে শুরু করেন। সেখানে সুফিয়া কামাল ফেলোর সদস্য রাবেয়া বেগমের সভাপতিত্বে আয়োজিত নারী সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শাহ আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার মোল্লা, প্রবীণ নারীনেত্রী এহিয়া রউফ, দ্রোপদী আগরওয়ালা, আম্বিয়াতুন জান্নাত, এনজিও সেলের পিও নাজনিন আকতার, ইউনিয়ন পরিষদের সম্ভাব্য নারী প্রার্থী রেখা রানী, শিবানী রায় ও রেহানা আকতার।সমাবেশের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের স্থান জেলা পরিষদ ডাক বাংলোতে গিয়ে শেষ হয়। নারী সমাবেশে বক্তারা বলেন, নারীরা এ সমাজে আজও অবহেলিত। দেশে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার নেই পূর্ণাঙ্গ বাস্তবায়ন। রাজনৈতিক অঙ্গনে নারীর অংশ গ্রহণ ইদানীং কিছুটা বাড়লেও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর প্রভাব বা নিয়ন্ত্রণ খুবই কম। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে নারীদের দায়-দায়িত্ব ও ভূমিকা সুনির্দিষ্ট করা নেই।