ঠাকুরগাঁওয়ে ভাতা ও বিচার চেয়ে শহীদজায়াদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার জাটিভাঙ্গায় মুক্তিযুদ্ধকালে গণহত্যার শিকার হওয়া শত শত শহীদের স্ত্রী ও স্বজনেরা ভাতাসহ তাঁদের অধিকার প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার ১০ কিলোমিটার পথ হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে তাঁরা অনশন করেন।ঠাকুরগাঁও নাগরিক কমিটি ও ঠাকুরগাঁও মুক্ত দিবস উদ্যাপন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। সকালে প্রায় ৫০০ শহীদজায়া ও তাঁদের সন্তানেরা ১০ কিলোমিটার হেঁটে বিক্ষোভ মিছিল করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন। পরে সেখানে তাঁরা অনশন করেন। তাঁরা জাটিভাঙ্গায় শহীদ হওয়া স্ত্রী ও সন্তানদের ভাতার আওতায় নেওয়া এবং স্থানীয় যেসব ব্যক্তি ওই হত্যাকাণ্ডে হানাদার বাহিনীকে সহায়তা করেছিল, তাদের বিচার করার দাবি তোলেন।অনশনস্থলে বক্তব্য দেন ঠাকুরগাঁও মুক্ত দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক আবদুল লতিফ, নাগরিক কমিটির সভাপতি শেখ ফরিদ, ঠাকুরগাঁও জাসদের সাধারণ সম্পাদক মনসুর আলী, স্থানীয় সমাজসেবক মজিবর রহমান, লুৎফর রহমান, মাজেদুর রহমান, জাকির মোস্তাফিজ প্রমুখ। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের আশ্বাসে তাঁরা অনশন ভাঙেন।জাটিভাঙ্গা গণহত্যার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি বাহিনী ঠাকুরগাঁওয়ে ঢুকে পড়ে। স্থানীয় রাজাকারদের সহায়তায় তারা মুক্তিকামী জনগণের ওপর নির্যাতন শুরু করে। তাদের হাত থেকে বাঁচতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার লোকজন স্ত্রী-সন্তান নিয়ে ভারতে পালিয়ে যেতে শুরু করেন। এ অবস্থায় স্থানীয় রাজাকার বাহিনীর সদস্যরা ১৬ এপ্রিল তাঁদের নিরাপত্তা দেওয়ার কথা বলে জাটিভাঙ্গায় জড়ো করে। সদর উপজেলার জগন্নাথপুর, গড়েয়া, শুকানপুকুরীরসহ অন্যান্য গ্রামের দুই হাজারের বেশি মানুষকে সেখানে নিয়ে তারা পাকিস্তানি বাহিনীকে খবর দেয়। পরের দিন ১৭ এপ্রিল সকালে দুই ট্রাক পাকিস্তানি সেনা আসে জাটিভাঙ্গায়। তারা জাটিভাঙ্গা মাঠে লাইনে দাঁড় করিয়ে মেশিনগানের গুলিতে হত্যা করে সেখানকার সব পুরুষকে। সকাল থেকে শুরু হওয়া এ হত্যাযজ্ঞ চলে বিকেল পর্যন্ত। সেখানে পড়ে থাকে সারি সারি লাশ আর অর্ধমৃত শত শত নারী-শিশু।গতকালের অনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, যাদের ইন্ধনে গণহত্যা হয়েছিল, সেই স্বাধীনতাবিরোধীরা প্রভাব-প্রতিপত্তি নিয়ে বহাল তবিয়তে আছে। অন্যদিকে ওই ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের স্ত্রীদের অনেকেই ধুঁকে ধুঁকে মারা গেছেন। যাঁরা বেঁচে আছেন, তাঁদের বেশির ভাগই বয়সের ভারে ন্যুব্জ। তাঁদের নেই কাজ করার ক্ষমতা, অর্ধাহারে-অনাহারে পার করছেন জীবনের শেষ দিনগুলো। এত দিনেও তাঁদের পাশে দাঁড়ায়নি সরকার। তাঁদের কোনো ভাতার আওতায় আনা হয়নি।জাটিভাঙ্গা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সদর উপজেলার চকহলদী গ্রামের হাসালু বর্মণের স্ত্রী পবনেশ্বরী (৭০) বয়সের ভারে কাজ করার ক্ষমতা হারিয়েছেন। তিনি বলেন, কয়েক বছর ধরে বিধবা ভাতার কার্ডের জন্য হন্যে হয়ে ঘুরছেন। কিন্তু কেউ তাঁর আবেদনে সাড়া দেয়নি। চণ্ডীপুর গ্রামের শচী মোহনের স্ত্রী দয়া রানী বলেন, স্বামী হারানোর পর কেউ তাঁর খোঁজ নেয়নি। খুনিরা আজও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বলেন, জাটিভাঙ্গায় শহীদদের স্ত্রী-সন্তানদের পুনর্বাসনে সরকার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তাঁদের নামে বিশেষ ভাতা বরাদ্দের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।