ঠাকুরগাঁওয়ে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভাতগাঁও গ্রামের শ্রীশ্রী রসিক রায় জিও মন্দিরে বুধবার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল দুষ্কৃতকারী। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) অভিযোগ, সনাতন ধর্মাবলম্বীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে সনাতন ধর্মাবলম্বীরা এ অভিযোগ অস্বীকার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে একদল দুষ্কৃতকারী লাঠিসোঁটা নিয়ে মন্দিরে হামলা চালায়। সে সময় তারা প্রতিমা ভাঙচুর করে ও মন্দির চত্বরের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ধর্মীয় গ্রন্থ, বাদ্যযন্ত্রসহ অনেক আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।সদর উপজেলার গড়েয়ায় অবস্থিত ইস্কনের অধ্যক্ষ পুষ্পশীলা অভিযোগ করেন, মন্দির থেকে সরিয়ে সম্পদ ভোগদখল করতে সনাতনপন্থীরা এ হামলা চালিয়েছে।তবে ঠাকুরগাঁও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত জানান, মন্দির ভাঙচুরের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা কোনোভাবেই জড়িত নয়। মন্দির এলাকার সনাতন ধর্মাবলম্বীদের হয়রানি করতে তারাই পরিকল্পিতভাবে হামলা ও আগুন লাগানোর ঘটনা সাজিয়েছে।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান বলেন, মন্দির ভাঙচুরের ঘটনা তদন্ত করলে মূল ঘটনা জানা যাবে।