ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী মিছিল মানববন্ধন
ঠাকুরগাঁও শহরের রোড এলাকায় গতকাল রোববার মাদকবিরোধী মিছিল ও মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় যুবকেরা বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এসব কর্মসূচি পালন করে। গতকাল দুপুরে মাদকবিরোধী মিছিলটি রোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিনিকল গেটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের যুবসমাজ ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। ঠাকুরগাঁও রোড এলাকার রেলস্টেশন, পল্লী বিদ্যুত্ ফার্মসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চলছে। মাদক ব্যবসা বন্ধ করতে এলাকার সুশীল সমাজকে সচেতন হতে হবে। তৈরি করতে হবে মাদকবিরোধী সংগঠন। মাদকবিরোধী সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও রোড প্রেসক্লাবের সভাপতি আবদুল করিম, কলামিস্ট আজমত রানা, মাহবুব আলম ও তৌফিক এলাহী।