ঠাকুরগাঁওয়ে মেছো বাঘ পিটিয়ে হত্যা
ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও গ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে এলাকাবাসী বাঘটি হত্যা করে। এলাকাবাসীর কয়েকজন জানায়, রোববার বিকেলে গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হক কালিকাগাঁও গ্রামের ভুট্টার খেতে একটি মেছো বাঘ দেখতে পান। তিনি বিষয়টি গ্রামের অন্যদের জানান। পরে তারা সেখানে এসে আর বাঘটি খুঁজে পায়নি। সকালে স্থানীয় লোকজন বাঘটিকে ভুট্টাখেতে আবার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সেটি গ্রামের রফিক উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে গিয়ে বাঘটি ঘিরে ফেলে। একপর্যায়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা মৃত বাঘটি উদ্ধার করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। সদর উপজেলার গড়েয়া ইউপির চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী বলেন, সকালে রফিক উদ্দিনের বাড়িতে ঢুকে পড়লে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে বাঘটি পিটিয়ে হত্যা করে।