ঠাকুরগাঁও শহরে এসএসসির নির্বাচনী পরীক্ষার রসায়ন বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের আমতলা মোড় থেকে ওই বিষয়ের একটি প্রশ্ন উদ্ধার করেছে পুলিশ।সকাল ১০টায় পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের মাহমুদ হাসান নামের এক ছাত্রের কাছ থেকে রসায়ন বিষয়ের নৈর্ব্যক্তিক পদ্ধতির সমাধান করা একটি প্রশ্ন উদ্ধার করা হয়। ওই ছাত্রকে পরীক্ষা থেকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।এ ব্যাপারে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, বহিষ্কারের সময় মাহমুদ হাসান শিক্ষকদের জানিয়েছে, রাফি নামের এক ছাত্রের কাছ থেকে এক হাজার টাকার বিনিময়ে সে এই প্রশ্নপত্র পেয়েছে। প্রধান শিক্ষক বলেন, এ বছর যে কয়টি বিষয়ে শিক্ষা বোর্ড থেকে সরবরাহ করা প্রশ্নে এসএসসির নির্বাচনী পরীক্ষা হচ্ছে, তার মধ্যে রসায়নও রয়েছে। সারা দেশে একই প্রশ্নপত্রে এই পরীক্ষা হচ্ছে। তাই কোন জায়গা থেকে ফাঁস হয়েছে, তা অনুমান করা যাচ্ছে না।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক তাঁকে মুঠোফোনে জানান, ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে কয়েকজন ব্যক্তি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের কাছে প্রশ্নপত্রের কপি বিক্রি করছে। খবর পেয়ে সকাল নয়টার দিকে বড় মাঠে যাওয়ার পথে শহরের বঙ্গবন্ধু সড়কের আমতলা মোড়ে কয়েকজন যুবকের জটলা দেখা যায়। পুলিশ দেখে যুবকেরা পালিয়ে যায়। এ সময় তারা রসায়ন বিষয়ের প্রশ্নপত্রের একটি সেট ফেলে যায়। পরে বড় মাঠে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুলিশ প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি পরীক্ষায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে শিক্ষকদের নির্দেশ দেন। শিক্ষকেরা ছাত্রদের শরীর তল্লাশি করে পরীক্ষা নেওয়া শুরু করেন। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর পরীক্ষার্থী মাহমুদ হাসান পরীক্ষা কেন্দ্রে ঢুকলে শিক্ষকদের সন্দেহ হয়। তার শরীর তল্লাশি করে রসায়ন বিষয়ের নৈর্ব্যক্তিক পদ্ধতির সমাধান করা একটি প্রশ্নপত্র উদ্ধার করা হয়। ওসি গোপাল বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।