ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল পৌরসভায় নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা জটিলতার কারণে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে সহকারী সচিব মো. রাজীব আহসান আজ বুধবার দুপুরে এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর এক আদেশে আদালত ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন আদেশ পাওয়ার তারিখ থেকে ছয় মাসের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশানুযায়ী নির্বাচন কমিশন ৩০ তারিখের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে রানীশংকৈল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো.নাহিদ হাসান জানান, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর ভোট গ্রহণের কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

২০০৪ সালে পৌরসভা গঠনের পর এই পৌরসভার আয়তন ছিল ৫ দশমিক ১২ বর্গকিলোমিটার। ২০১৪ সালে তা বাড়িয়ে ৫ দশমিক ৪৩ বর্গকিলোমিটার করা হয়। এর মধ্যে নতুন ৩৮৪টি হোল্ডিং নম্বর যোগ হয়। এসব হোল্ডিংয়ের বাসিন্দারা পৌরকরসহ সবকিছু পরিশোধ করছিলেন। কিন্তু নির্বাচনের গেজেটে বর্ধিত অংশের ভোটারদের বাদ দেওয়া হয়। এ ঘটনায় রানীশংকৈল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। গত ৮ ও ৯ ডিসেম্বর আবেদনের শুনানি হয়। শুনানি শেষে শুনানি হাইকোর্টের একটি বেঞ্চ রানীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে রুল দেন।

রুলে সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বেআইনি হবে না তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়।