ঠাকুরগাঁওয়ে রোগে পচছে আলুগাছ, চিন্তিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে ঠাকুরগাঁওয়ের আলুখেতে ছত্রাকজনিত রোগ লেট ব্লাইট দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। এ কারণে আলু রক্ষায় কৃষক চিন্তিত হয়ে পড়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপপরিচালক বেলায়েত হোসেন বলেন, দীর্ঘ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা আলু চাষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিম্ন তাপমাত্রা ও দীর্ঘ ঘন কুয়াশায় আলুগাছে ছত্রাকজনিত রোগ ছড়িয়ে পড়ে। আলু খেতে নাভিধসা রোগ দেখা দিলে তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। জেলার কিছু কিছু আলুখেতের গাছ রোগে আক্রান্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ২০ জানুয়ারি পর্যন্ত ২১ হাজার ৬০০ হেক্টরে আলুর চাষ হয়েছে। এ পর্যন্ত ১১৪ হেক্টর জমির আলু রোগে আক্রান্ত হয়েছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সদর উপজেলার নয় হাজার হেক্টর জমির আলুখেতের মধ্যে ৬৮ হেক্টরে রোগ ছড়িয়ে পড়েছে। আলুগাছের পাতা স্যাঁতসেঁতে ভেজা থাকায় এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে অন্যান্য জমিতেও দ্রুত এ রোগ ছড়িয়ে পড়বে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রোগ প্রতিরোধের জন্য শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সময় কৃষকদের মেনকোজেব অথবা মেটালেক্সিল গ্রুপের ২ গ্রাম ছত্রাকনাশক ওষুধ এক লিটার পানির সঙ্গে মিশিয়ে আলুখেতে নিয়মিত ছিটাতে পরামর্শ দেওয়া হচ্ছে। আবার যেসব আলুখেত ইতিমধ্যে রোগে আক্রান্ত হয়েছে, সেসব কৃষকদের দুই গ্রাম স্কয়ার অথবা দুই গ্রাম মেলডিডু প্লাস স্কয়ার গ্রুপের এক গ্রাম এক লিটার পানির সঙ্গে মিশিয়ে খেতে ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের আক্রান্ত গাছের পাশাপাশি সুস্থ গাছও কীটনাশক দিয়ে ভিজিয়ে দিতে বলা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার সালন্দর, কৃষ্টপুর, শিংপাড়া, আকচা, চণ্ডীপুর, জগন্নাথপুর ও নারগুন এলাকার আলুখেত রোগে আক্রান্ত হয়েছে। সদর উপজেলার শিংপাড়া গ্রামের আলুচাষি ইসমাইল হোসেন বলেন, ‘প্রথমে আক্রান্ত গাছের পাতা ঝলসে গিয়ে গাছ মারা যাচ্ছে। আলু রক্ষা করতে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী নিয়মিত ছত্রাকনাশক ছিটিয়েছি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।’