ঠাকুরগাঁওয়ে র্যা ফল ড্র বন্ধ করল প্রশাসন
ঠাকুরগাঁওয়ের সাধারণ পাঠাগার চত্বরে শিল্প ও বাণিজ্য মেলায় চলা র্যা ফেল ড্র অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়ার পর আয়োজকেরা মেলায় র্যা ফল ড্র বন্ধ করে দেন।
এ নিয়ে গতকাল ‘পকেট খালি হচ্ছে নিম্ন আয়ের মানুষের’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসক আয়োজকদের মেলায় র্যা ফল ড্র বন্ধের ওই নির্দেশ দেন।
মেলা কমিটি সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি শহরের সাধারণ পাঠাগার চত্বরে ঠাকুরগাঁও জেলা শিল্প ও বণিক সমিতির আয়োজনে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়। পরে মেলা কর্তৃপক্ষ আয় বাড়াতে মেলায় র্যা ফল ড্রর জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে। আবেদন পেয়ে ২৯ জানুয়ারি থেকে র্যা ফল ড্র আয়োজনের অনুমতি দেন জেলা প্রশাসক। প্রতিদিনই পুরস্কার হিসেবে রাখা হয়েছিল দুটি মোটরসাইকেলসহ ৩৫ থেকে ৪২টি পুরস্কার। সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক রিকশা-ইজিবাইক নিয়ে শহর ও গ্রামাঞ্চলে মাইক বাজিয়ে র্যা ফল ড্রর টিকিট বিক্রি করছিলেন মেলা কর্তৃপক্ষের লোকজন। টিকিট বিক্রি শেষে রাতে টিকিটের ড্র অনুষ্ঠিত হতো। আর তা স্থানীয় স্যাটেলাইট কেব্লের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। কিন্তু এসএসসি পরীক্ষা চলাকালে মেলা ও মেলায় র্যা ফল ড্র বন্ধের দাবিতে গত বুধবার শহরে ঠাকুরগাঁও পৌরবাসীর ব্যানারে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। ওই দিন (বুধবার) বিভিন্ন এলাকার লোকজন টিকিট বিক্রির কর্মীদের মারধর ও টিকিট বিক্রির কাজে ব্যবহৃত যান ভাঙচুর করেন। স্থানীয় লোকজন জেলা প্রশাসকের কাছে র্যা ফল ড্র বন্ধে তাঁর হস্তক্ষেপ চান। এর পরিপ্রেক্ষিতে গতকাল জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস আয়োজকদের মেলায় র্যা ফল ড্র বন্ধের নির্দেশ দেন।
ঠাকুরগাঁও জেলা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মনিরুজ্জামান গতকাল থেকে মেলায় র্যা ফল ড্র বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।