ঠাকুরগাঁওয়ে শিশুদের ছবি আঁকার কর্মশালা
ছোটরা আঁকবে আর বড়রা শিখিয়ে দেবেন রঙের ব্যবহার—এ ধারণা থেকে ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী হয়ে গেল এক ছবি আঁকা কর্মশালা। শিশুশিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার চর্চাকে উৎসাহিত করতে এর আয়োজন করে ঠাকুরগাঁওয়ের বর্ণময় কুশ শিশু নিকেতন। গত শুক্রবার বিকেলে বর্ণময় কুশ শিশু নিকেতন চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় নিজের মতো করে ছবি এঁকেছে তারা। আর পরে জ্যেষ্ঠ শিল্পীরা শিশুদের আঁকার কৌশল দেখিয়ে দিয়ে ধারণা দিয়েছেন রঙের ব্যবহার। গতকাল শনিবার ছিল কর্মশালার শেষ দিন।
গতকাল কর্মশালার সমাপনী দিনে আয়োজন করা হয় শিশুশিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী। সমাপনী অনুষ্ঠানে কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আবদুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বী, প্রবীণ শিক্ষানুরাগী মনতোষ কুমার দে, চিত্রশিল্পী কাদিমুল ইসলাম, নিকেতনের পরিচালক চন্দনা ঘোষ প্রমুখ বক্তব্য দেন। পরে সনদ তুলে দেন অতিথিরা।
কর্মশালার উদ্যোক্তা চন্দনা ঘোষ বলেন, ‘এ অঞ্চলের শিশুরা সাধারণত প্রতিষ্ঠিত-গুণী শিল্পীদের সংস্পর্শ খুব একটা পায় না। এ কর্মশালা শিশুদের গুণী শিল্পীদের সংস্পর্শে এসে চারুকলায় উৎসাহিত করবে। প্রতিবছর আরও বড় আকারে এ কর্মশালার আয়োজন করতে চাই।’