ঠাকুরগাঁওয়ে সরকারি গাছ কর্তন!
ঠাকুরগাঁও সদর হাসপাতাল চত্বরের পুরোনো দুটি গাছ গত শনিবার দুপুরে কেটে ফেলা হয়েছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ গাছগুলো কেটে সরিয়ে ফেলছিল বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সরকারের প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবা উদ্যোগের (এমএনএইচআই) আওতায় ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সম্প্রসারিত টিনশেড ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ভবন নির্মাণের নির্ধারিত জায়গার দুটি বড় আম ও কাঁঠালগাছ হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার দুপুরে কেটে ফেলে। এদিন গাছ দুটির বেশির ভাগ অংশ সরিয়ে নেওয়া হয়। গতকাল দুপুরে গাছের মূল গুঁড়িগুলো সরিয়ে নেওয়ার সময় স্থানীয় সাংবাদিকেরা টের পান। তাঁরা হাসপাতালে গেলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা রোস্তম আলী গাছের গুঁড়িভর্তি গাড়িটি আটকে দেন। তিনি বলেন, ‘সিভিল সার্জনের নির্দেশে গাছভর্তি গাড়িটি আটকিয়েছি। এগুলো কোথায় যাচ্ছিল তা বলতে পারব না।’ভারপ্রাপ্ত সিভিল সার্জন নুরুল হুদা বলেন, ১৪ অক্টোবর তিনি দায়িত্ব নিয়েছেন। বিদায়ী সিভিল সার্জন লোকমান আলীর কাছে তিনি শুনেছেন, এখানে শিশু ওয়ার্ডের সম্প্রসারিত ভবন নির্মাণ করা হবে। লোকমান আলী দায়িত্বে থাকাকালেই গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল কার নির্দেশে গাছগুলো কাটা হয়েছে এবং গুঁড়িগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, জানতে চাইলে নুরুল হুদা বলেন, তিনি জানেন না।জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান জানান, হাসপাতালের গাছ কাটার বিষয়টি তাঁর জানা নেই। তবে যেকোনো সরকারি গাছ কাটতে গেলে অবশ্যই সরকারি নিয়মনীতি মেনে করতে হবে।