ঠাকুরগাঁওয়ে সরিষায় উজ্জ্বল কৃষকের মুখ

ঠাকুরগাঁওয়ে এবার সরিষার ফলন ভালো হয়েছে। পাশাপাশি বাজারে সরিষার দামও ভালো। প্রতি মণ সরিষা ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করছেন কৃষকেরা। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে।
কৃষি সম্পসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ৮৪০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ১০ হাজার ২৩ হেক্টর। সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১২ হাজার ৩২৮ টন। এ অঞ্চলের কৃষকেরা সাধারণত ছয়টি জাতের সরিষা আবাদ করে থাকেন। সেগুলো হলো উচ্চফলনশীল (উফশী) জাতের বারি সরিষা-৯, বারি সরিষা-১১, বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫, স্থানীয় উন্নত জাতের টরি-৭ ও ভারতীয় জাত বাশরি।
গত মঙ্গলবার হরিপুরের যাদুরানী হাটে গিয়ে দেখা যায়, চাষিরা ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা মণ দরে সরিষা বিক্রি করছেন।
সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রামের কৃষক নারায়ণ চন্দ্র বর্মণ ৪০ শতক জমিতে সরিষা আবাদ করেছেন। তাঁর খরচ হয় ৩ হাজার ৩০০ টাকা। আর সরিষা পেয়েছেন আট মণ। স্থানীয় বাজারে সেই সরিষা তিনি বিক্রি করেছেন ১২ হাজার ৮০০ টাকায়।
সদর উপজেলার আখানগর গ্রামের কৃষক হাসান আলী তাঁর জমিতে আবাদ করা পাঁচ মণ সরিষা বিক্রি করেছেন সাত হাজার টাকায়। হাসান আলী বলেন, আমন ও বোরো চাষের মাঝে আবাদ করার কারণে সরিষায় সামান্য ইউরিয়া ছাড়া আর কোনো সারের প্রয়োজন হয় না। বীজ বোনার দুই মাসের মধ্যে সরিষার ফসল ঘরে তোলা যায় বলে অন্য আবাদের সমস্যা হয় না। চারা গজানোর পর আগাছা পরিষ্কার করা ছাড়া তেমন কোনো শ্রমেরও দরকার হয় না।
রানীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের কৃষক সতীশ বর্মণ বলেন, আগে তিনি শুধু আলুর চাষ করতেন। কিন্তু তিন বছর ধরে সরিষা চাষ করে আলুর চেয়ে বেশি লাভবান হয়েছেন। এ কারণে এখন তিনি জমিতে সরিষার চাষ করছেন। এ বছর দুই একর জমিতে সরিষার চাষ করে লাভ হয়েছে ৫৪ হাজার টাকা।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, অনুকূল আবহাওয়া ও নিবিড় পরিচর্যার কারণে এ এলাকার কৃষক সরিষা আবাদ করে বেশ ভালো ফলন পেয়েছেন। প্রতিবছরই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হচ্ছে। ফলন ভালো হওয়ায় কৃষকেরা সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি বিভাগ এরই মধ্যে ব্যাপক উদ্যোগ নিয়েছে। বাজারমূল্য ভালো থাকলে সরিষা চাষের দিকে কৃষকেরা আরও ঝুঁকবেন।