ঠাকুরগাঁওয়ে সাক্ষ্য গ্রহণ শেষ
ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণ গতকাল শনিবার শেষ হয়েছে। আদালত আজ রোববার সকাল সাড়ে আটটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ অভিযুক্ত ব্যক্তিরা লিখিত ও মৌখিক বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাবেন। পরে সরকারি কৌঁসুলি যুক্তিতর্ক তুলে ধরবেন। এরপর আদালত আবারও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য শুনবেন। কড়া নিরাপত্তার মধ্যে গতকাল সকাল আটটার আগেই জেলা কারাগার থেকে ৫১ আসামিকে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ হাজির করা হয়। সকাল আটটা ৫০ মিনিটে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দুপুর একটা পর্যন্ত ২০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এ নিয়ে ৮৪ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হলো। এর আগে গত বৃহস্পতিবার ১১ জন সাক্ষ্য দেন। সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার পর আসামিরা সাক্ষীদের জেরা করে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। আদালতের সভাপতি হলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্য সদস্যরা হলেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দীদার-আল-লতিফ।