ঠাকুরগাঁওয়ে সোনার দোকানে ডাকাতি
ঠাকুরগাঁও শহরের নর্থ সার্কুলার সড়কে পুলিশ সুপারের কার্যালয়ের পাশে একটি সোনার দোকানে গত বুধবার রাত পৌনে ১০টার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা সোনার গয়না লুট করে পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রাতেই ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সদর উপজেলার বান্দিগড় গ্রামের মো. নুরুজ্জামানকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১০টার দিকে শহরের নর্থ সার্কুলার সড়কের খোয়াজা গিনি হাউসের মালিক ও কর্মচারীরা দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় চার ডাকাত দোকানে ঢুকে অস্ত্রের মুখে তাঁদের জিমিঞ্চ করে ফেলে। দোকানের বাইরে আরও দু-তিনজন পাহারায় থাকে। এ সময় ডাকাতেরা দোকানের সিন্দুকে রাখা সোনার গয়না বস্তায় ভরে একটি মাইক্রোবাসে করে সিরাজদ্দৌল্লা সড়ক দিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে তারা এলোপাতাড়ি সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।খোয়াজা গিনি হাউসের মালিক শেখ রশিদুল ইসলাম জানান, ডাকাতেরা তিন শতাধিক ভরি সোনার গয়না নিয়ে গেছে। ঘটনার পরপরই আশপাশের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের ডাকাতদের ধরার জন্য অনুরোধ করা হয়।এদিকে স্বর্ণালংকার ব্যবসায়ী সমিতির নেতারা ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া সোনার গয়না উদ্ধারের দাবিতে গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ডাক দিয়েছেন।ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।