ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মো. হাবিবুর রহমান এ রায় দেন। একই সঙ্গে হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারণা চালানোর দায়ে ওই ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর গ্রামের বাসিন্দা ও সবদল হাট এতিমখানার শিক্ষক আবু সুফিয়ান চৌধুরীর পরকীয়াকে কেন্দ্র করে স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ ছিল। এরই জের ধরে ২০০৬ সালের ১২ জানুয়ারি রাতে সুফিয়ান তাঁর স্ত্রী মনোয়ারার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় মনোয়ারার মৃত্যু হলে বিষয়টি ধামাচাপা দিতে একে আত্মহত্যা বলে প্রচারণা চালান সুফিয়ান।