ঠাকুরগাঁওয়ে স্বামীর মৃত্যুদণ্ড, বগুড়া ও মেহেরপুরে ১২ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ায় আরেকটি হত্যা মামলায় নয়জন ও মেহেপুরে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ জজ মকলেছুর রহমান গতকাল মঙ্গলবার এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হোসেন আলীর বাড়ি রানীশংকৈল উপজেলার বাকশা সুন্দরপুর গ্রামে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় শুনে হোসেন আলী কান্নায় ভেঙে পড়েন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালে রানীশংকৈল উপজেলার দক্ষিণ বাঁশবাড়ি গ্রামের মো. দুদু মিয়ার মেয়ে সাহেরা খাতুনের সঙ্গে একই উপজেলার বাকশা সুন্দরপুর গ্রামের সদর আলীর ছেলে হোসেন আলীর বিয়ে হয়। বিয়েতে নয় হাজার টাকা যৌতুক নির্ধারণ করা হয়। বিয়ের দিন পাঁচ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। বাকি চার হাজার টাকার জন্য সাহেরা খাতুনকে ২০০৩ সালের ২৪ জুন রাতে ঝগড়ার একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করা হয়। বগুড়ার ধুনট উপজেলার পল্লি এলাকায় ইব্রাহিম আকন্দ হত্যা মামলার রায়ে নয়জনের প্রত্যেকের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে প্রত্যেকের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন ধুনট উপজেলার ভুতমারী গ্রামের শামীম, দুই ভাই চাঁন মিয়া ও মোজাম, দুই ভাই শাহীন ও রফিকুল ইসলাম, আলাউদ্দিন, দুই ভাই হবি ও হযরত এবং সোনা ফকির। জানা যায়, ২০০৭ সালের ১৪ মার্চ সকাল ১০টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতমারী গ্রামের শুকুর আলীর ছেলে ইব্রাহিম আকন্দ ও তাঁর ভাবি অজুবা খাতুন বাড়িসংলগ্ন জমিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা তাদের ওপর হামলা চালায়। তাঁরা গুরুতর আহত হন। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত নয়টায় ইব্রাহিম মারা যান। মেহেরপুরের ব্যবসায়ী আলফাজ হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লা এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন মেহেরপুরের গাংনীর করমদী গ্রামের লোকমান হোসেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম। তাঁদের মধ্যে দুই ভাই সাইফুল ও শরীফুল পলাতক ।